পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানিপ্রবাহ পর্যবেক্ষণ শুরু
পাকশী হার্ডিঞ্জ ব্রিজ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২১ | ০৯:০৪ | আপডেট: ০২ জানুয়ারি ২০২১ | ০৯:০৬
ঈশ্বরদীর পাকশীতে পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে গঙ্গা চুক্তি অনুযায়ী পানিপ্রবাহ পর্যবেক্ষণ শুরু হয়েছে শনিবার থেকে। হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি পরিমাপক হাবিবুর রহমান জানান, সকালে পানির উচ্চতা ছিল ৬ দশমিক ২১ সেন্টিমিটার।
প্রতি বছরের ১ জানুয়ারি থেকে পানিপ্রবাহ পরিমাপ শুরুর কথা থাকলেও দিনটি শুক্রবার হওয়ায় এ বছর এই কার্যক্রম এক দিন পিছিয়ে করা হয়েছে।
এ ব্যাপারে পাবনা হাইড্রোলজি বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রইচ উদ্দিন বলেন, পদ্মার পানিপ্রবাহ পর্যবেক্ষণে দুই সদস্যের ভারতীয় প্রতিনিধি দল শুক্রবার বাংলাদেশে পৌঁছে। তারা শনিবার থেকে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের দুই হাজার ৫০০ ফুট উজানে পানিপ্রবাহ পর্যবেক্ষণ শুরু করেছে।
অপরদিকে নদী কমিশনের নির্বাহী প্রকৌশলী একেএম সাইফুদ্দিনের নেতৃত্বে বাংলাদেশের চার সদস্যের প্রতিনিধি দল ভারতে গেছে। তারা ফারাক্কার দুটি পয়েন্টে গঙ্গার পানিপ্রবাহ পর্যবেক্ষণ করবে।
১৯৯৬ সালে ভারতের সঙ্গে বাংলাদেশের গঙ্গা পানিবণ্টন চুক্তি হয়। চুক্তি অনুযায়ী পানির ন্যায্য হিস্যার প্রাপ্ততা নিশ্চিত করতে প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত দুই দেশের প্রতিনিধি দল গঙ্গা ও পদ্মার পানিপ্রবাহ পর্যবেক্ষণ করে।
নদী কমিশনের তথ্য অনুযায়ী, গত বছর ১ জানুয়ারি থেকে প্রথম ১০ দিনে ফারাক্কা পয়েন্টে গঙ্গায় এক লাখ ৬১ হাজার কিউসেক পানি ছিল। এর মধ্যে বাংলাদেশের হিস্যা ছিল ৬০ হাজার ৬১ কিউসেক এবং ভারতের ৪০ হাজার কিউসেক পানি। একই সময় বাংলাদেশের পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির পরিমাণ ছিল এক লাখ দুই হাজার ৫৭৪ কিউসেক। এ বছর পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পর্যাপ্ত পানির সরবরাহ রয়েছে বলে জানিয়েছে হাইড্রোলজি বিভাগ। শুক্রবার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে প্রায় ৮৮ হাজার কিউসেক পানি ছিল।
- বিষয় :
- পানিপ্রবাহ পর্যবেক্ষণ
