শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতি বিকশিত হচ্ছে: নাসিম
ফাইল ছবি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৯ | ০৭:১৯
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও বিকশিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছে।
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রোববার দুপুরে সিরাজগঞ্জ শহরের বাসভবনে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে, ততদিনই সব ধর্মের মানুষ তাদের ধর্ম পালনে সমান সুযোগ পাবে। দেশের সব ধরনের উন্নয়নে এ দেশের সব ধর্মের মানুষ সমান অংশীদার। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই। এ দেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করাই তার মূল লক্ষ্য।
এর আগে গত শনিবার রাতে মোহাম্মদ নাসিম দলীয় নেতাকর্মীদের সঙ্গে জাতীয় ও স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শহরের বাসভবনে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসহাক আলী. অ্যাডভোকেট আব্দুর রহমান, আব্দুস সামাদ তালুকদার, আব্দুল বারী সেখ, শামসুজ্জামান আলো, অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না, শেখ সেলিম আহম্মেদ, দানিউল হক মোল্লা, অ্যাডভোকেট আব্দুল হাকিম, যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সভাপতি জাকির হোসেন লিমন প্রমুখ।
- বিষয় :
- সিরাজগঞ্জ
- মোহাম্মদ নাসিম
- আওয়ামী লীগ
