'পোলাও খেতে না পারায় আত্মহত্যা' কিশোরীর
প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১ | ০৪:০৪
দিনাজপুর শহরে গলায় ওড়না লাগিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় শ্রাবন্তি (১২) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নিজের শোবার ঘরে তার লাশ পাওয়া যায় জানিয়ে পুলিশ বলছে, পোলাও খেতে না পারায় মায়ের ওপর অভিমান করে মেয়েটি আত্মহত্যা করেছে।
শ্রাবন্তি দিনাজপুর শহরের পশ্চিম রামনগর এলাকার আপন ঠিকানার ৯৯ নং বাড়ির বাসিন্দা আব্দুল মালেক ও মোছা. সানু দম্পতির মেয়ে। সে এবার পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উঠেছিল এবং নতুন বই পেয়েছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে শ্রাবন্তি মায়ের কাছে পোলাও খাওয়ার আবদার করে আসছিল। কিন্তু গরীব ভ্যানচালক বাবা পোলাওয়ের চাল আনতে না পারায় মা পোলাও রান্না করে খাওয়াতে পারেননি মেয়েকে। মঙ্গলবার শ্রাবন্তি জেদ করে বসলে মা সানু মেয়ের জন্য দোকানে পোলাওয়ের চাল কিনতে যান। এ সময় শ্রাবন্তি নিজের শোবার ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
কোতোয়ালী থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান আসাদ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, পোলাও খেতে না পারায় মায়ের ওপর অভিমান করে শ্রাবন্তি এই ঘটনা ঘটিয়েছে।
- বিষয় :
- আত্মহত্যা
- স্কুলছাত্রীর আত্মহত্যা
