ব্যাডমিন্টন খেলতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
সাতকানিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২১ | ০৫:২৩
ব্যাডমিন্টন খেলতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না স্কুলছাত্র মো. সাজ্জাদুল ইসলাম জিসানের (১৪)। শনিবার রাত ১১টায় ব্যাডমিন্টন খেলার মাঠেই বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয় তার। সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের উত্তর কালিয়াইশ গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জিসানের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে জিসান বন্ধুদের সঙ্গে স্থানীয় মাঠে ব্যাডমিন্টন খেলতে যায়। খেলা শেষে রাত ১১টার দিকে ইলেকট্রিক লাইনের সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয় জিসান। তাকে উদ্ধার করে হাসাপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জিসান দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।
জিসানের বন্ধু রবিউল জানায়, ব্যাটমিন্টন খেলার সময় এক পর্যায়ে একটি ব্যাট ভেঙে গেলে আমরা খেলা বন্ধ করে বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় বৈদ্যুতিক লাইন থেকে সংযোগ বিচ্ছিন্ন করার জন্য জিসান বৈদ্যুতিক প্লাগ খুলে ফেলছিল। হঠাৎ পেছন দিকে পড়ে গেলে বিদ্যুৎস্পৃষ্টের বিষয়টি বুঝতে পারি। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
- বিষয় :
- ব্যাডমিন্টন
- বিদ্যুৎস্পৃষ্ট
