নুসরাত হত্যা: খুনির মুক্তি চেয়ে দোয়া মাহফিল
পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে বুধবার সন্ধ্যায় আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মুক্তি কামনা করে দোয়া মাহফিল করা হয়- সমকাল
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২১ | ০৯:০৩
ফেনীর সোনাগাজীতে আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমিনের কারামুক্তি এবং সুস্থতা কামনা করে বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে।
পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে বুধবার সন্ধ্যায় পৌরসভার জিরো পয়েন্টে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আয়োজন করা হয়। একই সঙ্গে আওয়ামী লীগ কার্যালয়ে রুহুল আমিনের একটি ছবিও পুনঃস্থাপন করা হয়। এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে রুহুল আমিনের মুক্তি চেয়ে তৃতীয়বার বিক্ষোভ ও মিলাদের আয়োজন করা হলো। এর আগে মতিগঞ্জ ও বগাদানা ইউনিয়নে দোয়া মাহফিল করা হয়।
বুধবার বিকেলে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী জিরো পয়েন্টের দলীয় কার্যালয়ে সামনে উপস্থিত হয়ে রুহুল আমিনকে নির্দোষ দাবি করে মুক্তি চেয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে সন্ধ্যায় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুলের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টুা, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, জেলা পরিষদের সদস্য নাছির উদ্দিন আরিফ ভুঞা, চরচান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম মানিক, বগাদানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন বাবুল, আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরু মেম্বার, ইউপি সদস্য গেদু মিয়া ভুঞা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামাল উদ্দিন নয়ন, জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক দীন মোহাম্মদ, মতিগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ হোসেন টিপু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রুহুল আমিন নির্দোষ। দলীয় কোন্দলের জেরে স্বদলীয় প্রতিপক্ষ ষড়যন্ত্র করে তাকে নুসরাত হত্যা মামলায় ফাঁসিয়েছে। যারা ষড়যন্ত্র করেছে আল্লাহ যেন তাদের বিচার করে। প্রধানমন্ত্রী যেন রুহুল আমিনের মুক্তির বিষয়ে ব্যবস্থা নেন- সেই প্রত্যাশা করেন তারা। আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন সোনাগাজী বাসস্ট্যান্ড মসজিদের খতিব মাওলানা মো. ওমর ফারুক।
২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে শ্নীলতাহানির মামলা করার জেরে ওই বছরের ৬ এপ্রিল নুসরাতকে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একই বছরের ২৪ অক্টোবর মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ উদ দৌলা, আওয়ামী লীগ নেতা রুহুল আমিনসহ ১৬ জনের ফাঁসির রায় দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ। বর্তমানে চাঞ্চল্যকর এ হত্যা মামলাটি হাইকোর্টের আপিল বিভাগে ডেথ রেফারেন্স শুনানির অপেক্ষায় রয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা বর্তমানে ফেনী, কুমিল্লা ও কাশিমপুর কারাগারে রয়েছে।
- বিষয় :
- দোয়া মাহফিল
- নুসরাত হত্যা
- খুনির মুক্তি
