শরণখোলায় বাঘের চামড়াসহ শিকারি আটক
শরণখোলায় বাঘের চামড়াসহ শিকারিকে আটক করে র্যাব-৮- সমকাল
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২১ | ১০:৫৪
সুন্দরবনসংলগ্ন শরণখোলা রায়েন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বাঘের চামড়াসহ মো. গাউস ফকির নামের এক চোরাশিকারিকে আটক করেছে র্যাব-৮ ও পূর্ব সুন্দরবন বিভাগ।
বুধবার দুপুরে বন বিভাগ ও র্যাবের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতাসেজে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে এই চক্রের হোতা গাউসকে চামড়াসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বন্যপ্রাণী হত্যা মামলা করা হয়েছে।
বুধবার দুপুরে তাকে বন আদালতে নেওয়া হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বন বিভাগের ধারণা, কয়েক মাস আগে ওই বাঘটি শিকার করা হয়েছে। গ্রেপ্তার গাউস শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের মৃত রশিদ ফকিরের ছেলে। জব্দ করা বাঘের চামড়াটি আট ফুট এক ইঞ্চি লম্বা ও তিন ফুট এক ইঞ্চি চওড়া।
র্যাব ও বন বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়, গত শনিবার থেকে গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতাসেজে ১৭ লাখ টাকা দরদাম করে ১৩ লাখ টাকায় দফা-রফার পর মঙ্গলবার বিকেলে টাকা নিয়ে যৌথ অভিযান চালানো হয়। আগের কথামতো শরণখোলা বাসস্ট্যান্ডসংলগ্ন তেলের পাম্পের কাছে জলিলের সেতুর নিচ থেকে সন্ধ্যায় গাউস ফকিরকে বাঘের চামড়াসহ আটক করে র্যাব।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, অপরাধ প্রমাণ হলে গ্রেপ্তার গাউস ফকিরের সর্বোচ্চ শাস্তি ১০ বছর জেল ও ১৫ লাখ টাকা জরিমানা হতে পারে।
- বিষয় :
- শিকারি আটক
- বাগেরহাট
- বাঘের চামড়া
