আশাশুনিতে ট্রলারডুবি: একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২১ | ০৪:১৯ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ | ০৬:২৮
সাতক্ষীরার আশাশুনিতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিন শ্রমিকের মধ্যে বাবর আলী (৪৫) নামে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের বিপরীতে খুলনার কয়রা উপজেলার দশালীয়ায় তার মরদেহ ভেসে উঠলে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বাবর আলী আশাশুনির কাপসন্ডা গ্রামের মনজিল সরদারের ছেলে।
তবে, ট্রলারডুবির পর ৫৬ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো নিখোঁজ রয়েছেন শফিকুল ও আজিজ নামের দুই শ্রমিক।
প্রত্যক্ষদর্শী হাসানুল বান্না জানান, দুপুর ১২টার দিকে কপোতাক্ষ নদের দশালীয়ায় সাদা কিছু একটা ভাসতে দেখা যায়। তখন পাড়ে থাকা মানুষ চিৎকার করতে থাকলে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে তীরে আনেন। তবে, এখনো দুইজন নিখোঁজ রয়েছেন।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তারেক হাসান ভুঁইয়া জানান, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে তৃতীয় দিনের মতো অভিযান চলছে। একজনের মরদেহ উদ্ধার হয়েছে। বাকি দুইজনকে উদ্ধারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৬টার দিকে বাঁধ নির্মাণের কাজে যাওয়ার সময় কুড়িকাউনিয়ায় ঘূর্ণিঝড় আম্পানে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে সৃষ্ট খালে ট্রলারডুবির ঘটনা ঘটে। ট্রলারটিতে থাকা ১২ জন শ্রমিকের মধ্যে ৯ জনকে উদ্ধার করা সম্ভব হলেও তিনজন নিখোঁজ ছিলেন।
- বিষয় :
- ট্রলার ডুবি
- শ্রমিক নিখোঁজ