ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

আশাশুনিতে ট্রলারডুবি: আরেকজনের মরদেহ উদ্ধার

আশাশুনিতে ট্রলারডুবি: আরেকজনের মরদেহ উদ্ধার
×

ট্রলারডুবির ঘটনায় শুক্রবার একজনের মরদেহ উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা - সমকাল

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২১ | ০৯:২৩

সাতক্ষীরার আশাশুনিতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই শ্রমিকের মধ্যে শফিকুল ইসলাম সানার (৪৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে কুড়িকাউনিয়া লঞ্চঘাটের অপর পাশে কপোতাক্ষ নদে মরদেহটি ভেসে উঠলে কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার করেন। এ নিয়ে ট্রলারডুবির পর নিখোঁজ থাকা তিন শ্রমিকের মধ্যে দু'জনের মরদেহ উদ্ধার হলো।

শফিকুল ইসলাম সানা আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামের প্রয়াত ফজলে সানার ছেলে।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন জানান, নিখোঁজ দু'জনের সন্ধানে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস কর্মীরা শুক্রবার সকাল থেকে ফের অভিযান শুরু করেন। একপর্যায় বেলা দেড়টার দিকে কুড়িকাউনিয়া লঞ্চঘাটের অপর পাশে কপোতাক্ষ নদে শফিকুল ইসলামের মরদেহটি ভেসে উঠলে কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার করেন। এখনো নিখোঁজ রয়েছেন আজিজ নামের এক শ্রমিক। 

এর আগে বৃহস্পতিবার কাপসন্ডা গ্রামের মনজিল সরদারের ছেলে বাবর আলীর (৪৫) মরদেহ উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সকাল ৬টার দিকে বাঁধ নির্মাণের কাজে যাওয়ার সময় কুড়িকাউনিয়ায় ঘূর্ণিঝড় আম্পানে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে সৃষ্ট খালে ট্রলারডুবির ঘটনা ঘটে। ট্রলারটিতে থাকা ১২ জন শ্রমিকের মধ্যে ৯ জনকে উদ্ধার করা সম্ভব হলেও তিনজন নিখোঁজ ছিলেন। 

আরও পড়ুন

×