ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

গান বাজানো নিয়ে মাদারীপুরে সংঘর্ষ, আহত ৩৫

গান বাজানো নিয়ে মাদারীপুরে সংঘর্ষ, আহত ৩৫
×

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯ | ০৯:৫৪

গান বাজানোকে কেন্দ্র করে মাদারীপুরের রাজৈর উপজেলার হোসেনপুর এলাকায় দু'পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উপজেলার হোসেনপুর ইউনিয়নের সত্যবতী গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, বুধবার রাতে রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের সত্যবতী গ্রামে একটি বাড়িতে খৎনা অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমে বাজনা বাজানোকে কেন্দ্র করে কিশোরদের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। কিশোরদের হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে বিবদমান দুটি পক্ষ নুরুল ইসলাম মাতুব্বর ও বর্তমান মেম্বর মজিবর মাতুব্বরের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরস্পরের প্রতি সংঘর্ষে লিপ্ত হয়। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে সারা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

গুরুতর আহত নুরুল ইসলাম মাতুব্বর, শাহিন মাতুব্বর, সিরাজ মাতুব্বর, হায়দার মাতুব্বর, মনজুল মোল্লা, জাহিদ মাতুব্বর, খোকন মাতুব্বর, আফজাল শেখ, মান্নান শেখ, মনির মাতুব্বর, সাহাজালসহ ২২ জনকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে হায়দার মাতুব্বরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে রাজৈর থানার ওসি শাহজাহান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×