প্রেমে প্রতারিত হয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯ | ১০:১০
বরিশালে প্রেমিকের কাছে প্রতারিত হয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সাহিদা নামে এক তরুণী। গত মঙ্গলবার রাতে এ ঘটনার পর ওই তরুণীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তরুণীর স্বজনরা জানান, অভিযুক্ত প্রেমিক কাশেম আলী উজিরপুর উপজেলার কুড়ালিয়া গ্রামের রহম আলী হাওলাদারের ছেলে।
কাশেম বাবুগঞ্জ উপজেলার বাদলা গ্রামে নানাবাড়িতে থাকার সুবাদে একই গ্রামের সাহিদার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সম্প্রতি পারিবারিকভাবে তাদের আকদের দিন ঠিক করা হয়। তবে হঠাৎ কাশেম পালিয়ে যান। এতে অভিমান করে সাহিদা মঙ্গলবার রাত ৯টার দিকে গায়ে আগুন ধরিয়ে দেন।
শেবাচিম হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সাহিদার শ্বাসনালিসহ শরীরের ২৬ শতাংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় বার্ন হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তারা। এদিকে ওই তরুণীর পরিবার দরিদ্র হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যেতে পারছিলেন না। পরে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে এ খবর জানতে পেরে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে ওই তরুণীর মায়ের হাতে নগদ ১০ হাজার টাকা এবং প্রয়োজনীয় ওষুধ তুলে দেন। তাকে সব রকম সাহায্যেরও আশ্বাস দেন জেলা প্রশাসক। পরে বৃহস্পতিবার দুপুরে সাহিদাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় তার পরিবার।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান মুকুল জানান, এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে ৬ জনকে আসামি করে মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- বিষয় :
- আত্মহত্যার চেষ্টা
- তরুণী
- বরিশাল