নারায়ণগঞ্জ নগর বিএনপির কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯ | ১০:৪৬
নবগঠিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সিনিয়র সহকারি জজ দ্বিতীয় আদালতের বিচারক শিউলী রানী দাস এ নিষেধাজ্ঞা জারি করেন।
সন্ধ্যায় আদালতের এ নির্দেশের খবর ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। বিএনপি নেতাকর্মীরা বলছেন বিএনপিকে আগামী দিনে সরকারবিরোধী আন্দোলন থেকে বিরত রাখতেই একটি পক্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। ওই পক্ষটি কোনোভাবেই বিএনপির শুভকাঙ্ক্ষী হতে পারে না। তারা দলে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারী।
গত ১২ নভেম্বর গুলজার হোসেন খান নামে এক বিএনপি কর্মী মহানগর বিএনপির নব গঠিত কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মামুন মাহমুদকে বিবাদী করে একটি মামলা দায়ের করেন।
পরে গত ২৩ নভেম্বর একই ব্যক্তি আদালতে নবগঠিত মহানগর বিএনপির সব ধরণের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। বৃহস্পতিবার ওই আবেদনের শুনানি শেষে বিকেলে এ নির্দেশ দেওয়া হয়। সন্ধ্যায় আদালতের নির্দেশ মহানগর বিএনপি নেতাদের কাছে পৌঁছায়।
মামলার বাদি গুলজার হোসেন খান মহানগর বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের অনুসারি বলে জানা গেছে। নেপথ্যে থেকে সাখাওয়াত হোসেন খানই তাকে দিয়ে মামলাটি দায়ের করিয়েছেন বলে বিএনপি নেতারা নিশ্চিত হয়েছেন বলে দাবি করছেন।
মামলায় বাদি গুলজার হোসেন খান উলেস্নখ করেন, মহানগরের আওতাধীন সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ অংশের ১ থেকে ১০ নম্বর ওয়ার্ডের কাউকে নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি। কিন্তু মহানগরের আওতাধীন নয় এমন অনেক ইউনিয়ন পরিষদ থেকে পদ দেওয়া হয়েছে। এ কারণেই তিনি মামলাটি দায়ের করেছেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, আওয়ামী লীগের মতো বিএনপিতেও অনুপ্রবেশ কারী রয়েছে। তারাই বিএনপিকে ধংস করতে আদালতের আশ্রয় নিয়েছে। আমরা আইনী ভাবেই বিষয়টি মোকাবেলা করবো।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- বিএনপি
- নিষেধাজ্ঞা