ট্রলির সঙ্গে সংঘর্ষে ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, কুষ্টিয়ায় রেল যোগাযোগ বন্ধ
ট্রেনের লাইনচ্যূত বগি -সমকাল
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০২১ | ০৭:৪৭
কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকায় ট্রলির সঙ্গে সংঘর্ষে মালবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে গেছে। শুক্রবার দুপুর ২টার দিকে মিলপাড়া এলাকার বড় স্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেনের লাইন দুমড়ে-মুচড়ে গেছে।
রেলওয়ে সুত্রে জানা যায়, ২২টি বগি নিয়ে গমবোঝাই ট্রেনটি ঈশ্বরদী থেকে ফরিদপুর যাচ্ছিল। পথে কুষ্টিয়া বড় স্টেশনের অদূরে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে সংঘর্ষ হলে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কুষ্টিয়ার সঙ্গে খুলনা, রাজশাহী, গোয়ালন্দ ও ফরিদপুরের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
জানা গেছে, রাজবাড়ী-কুষ্টিয়া রুটে রেললাইন মেরামতের কাজ চলছে। এই কাজে ব্যবহৃত একটি ট্রলিতে করে তিনটি রেল নিয়ে রাজবাড়ী থেকে কুষ্টিয়া আসছিলেন প্রকৌশল বিভাগের লোকজন। তারা কোন সিগন্যাল ছাড়াই ওই লাইনে ট্রলি ব্যবহার করছিল বলে অভিযোগ। পরে একই লাইনে বিপরিত দিক থেকে মালবাহী ট্রেনটি ঢুকে পড়লে ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়।
কুষ্টিয়ার স্টেশন মাস্টার এমএ জামান বলেন, দুর্ঘটনার পর বেশ কয়েকটি ট্রেনের সিডিউল বন্ধ রাখা হয়েছে। এ রুটে চলাচলকারী বেশ কয়েকটি ট্রেনের চলাচল বন্ধ হয়ে গেছে। উদ্ধার অভিযান শেষ হওয়ার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হবে। এতে সময় লাগবে।
- বিষয় :
- ট্রেন দুর্ঘটনা
- ট্রেনের বগি লাইনচ্যুত
