পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে মাথায় লোহার অ্যাঙ্গেল পড়ে শ্রমিক নিহত
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯ | ০৩:৫৬ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৯ | ০৪:২০
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের কোল্ড ইয়ার্ডে (কয়লা রাখার স্থান) কাজ করার সময় মাথায় লোহার অ্যাঙ্গেল পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম ইব্রাহিম খান ওরফে তারেক (২২)। তিনি বরিশাল কোতোয়ালি থানার খায়েরদিয়া গ্রামের মো. আইয়ুব আলী খানের ছেলে এবং পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে রানা এন্টারপ্রাইজের সরবরাহকারী শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও তাপবিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা জানান, সকালে বিদ্যুৎকেন্দ্রে নির্মাণাধীন কোল্ড ইয়ার্ডের নিচে কাজ করছিলেন ইব্রাহিম। হঠাৎ কোল্ড ইয়ার্ডের উপর থেকে একটি লোহার অ্যাঙ্গেল পড়ে তার মাথার ডান পাশ থেঁতলে যায়। সকাল ১১টার দিকে ভ্যানযোগে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা.জে এইচ খান লেলিন তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান,এএসপি আহম্মদ আলী, ওসি মো. মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা বাঙালি ও চায়না শ্রমিক এবং বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠান রানা এন্টারপ্রাইজের মালিক ফালুক গাজী রানা জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ইব্রাহিম মারা গেছে। পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের বিসিপিসিএল'র প্রশাসনিক কর্মকর্তা শাহ মনি জিকো জানান, নিহত শ্রমিক প্রোপার সেফটি ড্রেসে ছিলো। মাথায় হেলমেট থাকলেও উপর থেকে ভারি বস্তু পড়ায় তার মৃত্যু হয়েছে।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, লাশটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
