ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

দুই ট্রেন এক লাইনে মুখোমুখির ঘটনা তদন্তে কমিটি, বরখাস্ত ২

দুই ট্রেন এক লাইনে মুখোমুখির ঘটনা তদন্তে কমিটি, বরখাস্ত ২
×

চালকের দক্ষতার কারণে অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দু’টি, ছবিটি বৃহস্পতিবারের -সমকাল

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯ | ০৪:৩৪

রাজশাহীর বাঘায় আড়ানী রেলওয়ে স্টেশনে দুই ট্রেন এক লাইনে মুখোমুখি হওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (পাকশী) আবদুল্লাহ আল মামুন বলেন, রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আব্দুস সুবহানকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর দায়িত্ব অবহেলার কারণে আড়ানী স্টেশন মাস্টার একরামুল হক ও পয়েন্টম্যান রওশন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

উল্লেখ্য বৃহস্পতিবার আড়ানী রেল স্টেশনে একটি ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় একই লাইনে ছুটে আসে রাজশাহীগামী কপোতাক্ষ আন্তঃনগর ট্রেন। অবস্থা বেগতিক দেখে কপোতাক্ষের চালক রুহুল আমিন সিরাজ স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের মাত্র ১৫ গজ দূরে নিজের ট্রেনটি থামাতে সক্ষম হন। এতে মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পায় ট্রেনসহ হাজারো যাত্রী। 

কপোতাক্ষের চালক রুহুল আমিন সিরাজ বলেন, আড়ানী স্টেশনে কপোতাক্ষ ট্রেনের স্টপেজ নেই। স্টেশনের পূর্বদিকের পয়েন্ট পার হওয়ার পর দেখেন একই লাইনে আরেকটি ট্রেন দাঁড়িয়ে আছে। এটা দেখে কৌশলে ট্রেনটি থামিয়ে দেন তিনি। প্রায় ৩৩ মিনিট পর ট্রেনটি পেছনে গিয়ে ২ নম্বর লাইন দিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা হয়। 

রাজশাহী থেকে ছেড়ে আসা ইশ্বরদীগামী সিক্স ডাউন মেইল ট্রেনের চালক রাজু আহম্মেদ বলেন, ওই ট্রেনটি আসার আগেই স্টেশনে তার ট্রেন দাঁড়িয়ে ছিল। তবে লাইন ক্লিয়ার না পেয়ে তার ট্রেনের লাইন দিয়ে আরেকটি ট্রেন ঢুকে পড়ে।

পয়েন্টম্যানের ভুলের কারণে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন আড়ানী স্টেশন মাস্টার একরামুল হক। তবে পয়েন্টম্যান রওশন আলী বলেন, পয়েন্ট ঠিক করতে যাওয়ার আগেই কপোতাক্ষ ট্রেন আড়ানী স্টেশনের একই লাইনে ঢুকে পড়ে।

আরও পড়ুন

×