সিলেটে মার্কেট উড়িয়ে দেওয়ার হুমকি, ব্যবসায়ী আটক
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯ | ০৮:৪২
তিন বছর ধরে সিলেট নগরীর করিম উল্লাহ মার্কেটে ব্যবসা করছেন সাদেক আলী। তৃতীয়তলায় নাঈম টেলিকম নামে তার দোকানটির চুক্তির মেয়াদ সম্প্রতি শেষ হয়। এরপর মালিক চুক্তি বাড়াতে রাজি না হওয়ায় বাধে বিপত্তি। গত বৃহস্পতিবার রাতে গ্যাস সিলিন্ডার ও কেরোসিন তেল নিয়ে দোকানে ঢুকে সাটার লাগিয়ে দেন সাদেক আলী।
একপর্যায়ে সিলিন্ডার বিস্ফোরণে মার্কেট উড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। পরে পুলিশ কৌশলে দোকানে ঢুকে তাকে নিষ্ক্রিয় করে। এভাবেই রক্ষা পেয়েছে সিলেটের প্রথম এবং অন্যতম মোবাইল ও কম্পিউটারের এ মার্কেট। বেঁচে গেছে অনেক ব্যবসায়ীর স্বপ্ন।
পুলিশ ও ব্যবসায়ীরা জানান, গ্যাস সিলিন্ডার ও কেরোসিন তেল নিয়ে সাদেক আলীকে দোকানে ঢুকতে দেখেই ব্যবসায়ীদের সন্দেহ হয়। এ সময় অন্য ব্যবসায়ীরা সাটার খোলার অনুরোধ করলেও তাতে সাড়া দেননি সাদেক আলী। পরে পুলিশ এসে দোকানটি ঘিরে ফেলে। আলাপ করতে করতে পুলিশ দোকানে ঢুকে তাকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়। এ সময় কেরোসিন ঢালা ছিল দোকানজুড়ে। গ্যাস সিলিন্ডারের মুখও খোলা ছিল। পুলিশ যথাসময়ে ঘটনাস্থলে না এলে এবং সাহসিকতার সঙ্গে তাকে বের করে না আনলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত বলে জানান ব্যবসায়ীরা।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া বলেন, সাদেক আলীর দোকানের মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগেই। এভাবে নাটক করে হুমকি দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে মার্কেট কর্তৃপক্ষ দ্রুত বিচার আইনে মামলা করেছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সে ওসমানীনগর উপজেলার হলিমপুর গ্রামের প্রয়াত জসিম উদ্দিনের ছেলে।
- বিষয় :
- ব্যবসায়ী আটক
- সিলেট
