আখেরি মোনাজাতে শেষ চরমোনাই মাহফিল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯ | ০৯:১৩
বিশ্বের সব মুসলিম উম্মাহর শান্তি, মুক্তি, উন্নতি এবং দেশবাসীর কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বরিশালে চরমোনাই দরবার শরিফের বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার শেষ হয়েছে। সকাল ৮টায় শুরু হওয়া ২৫ মিনিট স্থায়ী আখেরি মোনাজাত পরিচালনা করেন চরমোনাইর পীর মুফতি সৈয়দ রেজাউল করীম।
ফজরের নামাজের পর শেষ বয়ানে চরমোনাই পীর বলেন, 'রাজনীতি করার জন্য চরমোনাইয়ের মরহুম পীর সৈয়দ ফজলুল হকের বিরুদ্ধে ১৮টি মামলা করা হয়েছিল। কিন্তু তাকে হকের আওয়াজ তোলা থেকে বিরত রাখা যায়নি।'
তিনি আরও বলেন, একদল আলেম নিজেদের ব্যর্থতা ঢাকতে অন্যের সমালোচনা করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শ বিসর্জন দিয়ে রাজনীতি করে না। আদর্শকে ধরে রেখে ইবাদতের রাজনীতি করে। আল্লাহ ও তার রাসুলের আদর্শ বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবে।
মাহফিল আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়ক কেএম শরিয়ত উল্লাহ সমকালকে জানান, মঙ্গলবার শুরু হওয়া তিন দিনের মাহফিলে মূল বয়ান হয় সাতটি। এর মধ্যে পীর সৈয়দ মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পাঁচটি এবং মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম করেন দুটি বয়ান।
- বিষয় :
- চরমোনাই মাহফিল
- বরিশাল
