মাইক্রোবাসচাপায় বৃদ্ধের মৃত্যু, মরদেহ নিয়ে পালানোর চেষ্টা
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২১ | ২৩:৩৮ | আপডেট: ২৯ মার্চ ২০২১ | ০৯:২১
মাগুরার মহম্মদপুরে মাইক্রোবাসচাপায় ছটু বিবি (৬৫) নামের এক বৃদ্ধা নিহতের পর তার মরদেহ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যর বিরুদ্ধে। রোববার বিকেলে উপজেলার কানুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ছটু বিবি একই এলাকার মৌশা গ্রামের বদর উদ্দিনের স্ত্রী।
নিহতের ছেলে শহিদুল ইসলামের অভিযোগ, মহম্মদপুরের বালিদিয়া ইউনিয়নের সংরক্ষিত ২ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর শ্যামলী মুরাদ রোববার বিকেলে কানুটিয়া হাইস্কুল মাঠে মাইক্রোবাস চালানো শিখছিলেন। এ সময় তার মা মাঠের পাশে একটি বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠছিলেন। এ সময় হঠাৎ করে শ্যামলী মুরাদের মাইক্রোবাসটি ছটু বিবিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ওই ইউপি সদস্য ও সাথে থাকা চালক ছটু বিবির মরদেহ মাইক্রোবাসে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনাটি জানাজানি হলে পরে এলাকাবাসীর ধাওয়ার মুখে ইউপি সদস্য শ্যামলী মৃতদেহটি গোপিনাথপুর বাজারের পাশে একটি ঘরের আড়ালে ফেলে রেখে মাইক্রোবাস যোগে পালিয়ে যান। বিষয়টি পরে পুলিশকে জানালে তারা ছটু বিবির মৃতদেহ উদ্ধার করে।
শহিদুল বলেন, গাড়ি চাপায় মাকে হত্যার পর ওই ইউপি সদস্য মরদেহটি গুম করে ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিলেন। তিনি এটাকে হত্যাকাণ্ড দাবি করে বিচার প্রার্থনা করেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তারক নাথ বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহের ময়নাতদন্ত চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- মাইক্রোবাসচাপায় নিহত
- ধামাচাপা
