ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

করোনা চিকিৎসায় ভারতে গেল ১০ হাজার রেমডিসিভির

করোনা চিকিৎসায় ভারতে গেল ১০ হাজার রেমডিসিভির
×

ফাইল ছবি

যশোর অফিস

প্রকাশ: ০৬ মে ২০২১ | ০৯:২৮

ভারতে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের জরুরি চিকিৎসায় বাংলাদেশ সরকারের দেওয়া ১০ হাজার রেমডিসিভির আইভি ইনজেকশন পৌঁছেছে দেশটিতে। 

বৃহস্পতিবার বিকেলে বেনাপোল বন্দর দিয়ে জীবণ রক্ষাকারী এ ওষুধ পাঠানো হয়। সীমান্তের ওপারে ভারতের রেড ক্রস সোসাইটি এই ওষুধ গ্রহণ করে।

গত সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, জরুরি ভিত্তিতে রেমডিসিভির পাঠাতে বলেছিল ভারত। এ ছাড়া ভারতের আর কী কী প্রয়োজন, তা নিয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের স্বাস্থ্যব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। প্রতিদিন প্রায় চার হাজার মানুষ আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। এ অবস্থায় মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত রেমডিসিভির ওষুধ পাঠাতে বাংলাদেশ সরকারকে অনুরোধ করে ভারত।

বৃহস্পিতবার পণ্য চালানটির সিঅ্যান্ডএফ এজেন্ট বেনাপোলের রবি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রবিউল ইসলাম রবি বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ওষুধের এই চালানটি পাঠানোর ক্ষেত্রে মুখ্য দায়িত্ব পালন করে। ওপারে রেমডিসিভির আইভি ইনজেকশন চালানটি গ্রহণকালে কলকাতায় বাংলাদেশি উপ-হাইকমিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, ৩৩৪ কার্টনে ১০ হাজার পিস রেমডিসিভির আইভি ইনজেকশন ভারতে পাঠানো হয়। পণ্য চালানটি পাঠানোর সময় বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার মোস্তাফিজুর রহমান ও বিজিবির ৪৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা উপস্থিত ছিলেন।

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, ভারতে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় গত ৩০ এপ্রিল বাংলাদেশ সরকার জরুরি সহায়তার ঘোষণা দেয়। ওই ঘোষণার পর প্রথম চালান হিসেবে রেমডিসিভির আইভি ইনজেকশন পাঠানো হয়।


আরও পড়ুন

×