আবরার হত্যায় জড়িতদের উপযুক্ত শাস্তি হবে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক— ফাইল ছবি
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৯ | ০৩:২০
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডকে অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক উল্লেখ আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, এই ঘটনা যারা ঘটিয়েছে, তাদের উদ্দেশ্য যাই হোক না কেন, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
মঙ্গলবার সকালে আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারওয়ার, আখাউড়া পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওয়ার ভূইয়া জীবন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সেলিম ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।
বর্তমান সরকার দেশের মানুষের প্রতিবাদী কণ্ঠকে নির্মূল করে নিজেদের হিটলারি শাসন বজায় রাখতে চায়– বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, 'উনাদের (বিএনপির নেতারা) কর্মকাণ্ড দেশবাসী জানেন। উনারা যে বেসুরা গান গাচ্ছেন তাতে জনগণ কান দেবে না।'
তিনি বলেন, 'আমরা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। জননেত্রী শেখ হাসিনা এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন এবং এইসব আইনের শাসন উনারা নষ্ট করেছিলেন। উনাদের আগে শোধরাতে হবে। পরে অন্যরা শোধরাবে।'
এর আগে মন্ত্রী ট্রেনে চেপে ঢাকা থেকে আখাউড়া আসেন। পরে সড়ক পথে কসবা উপজেলার উদ্দেশ্যে আখাউড়া ত্যাগ করেন।
