ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চলে গেলেন সেই খেলু পাগলা

চলে গেলেন সেই খেলু পাগলা
×

খেলু পাগলা- সমকাল

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ০৬ জুন ২০২১ | ০৯:১২

'মাছ খাই না, মাংস খাই না, ধর্মে দিছি মন/তুলশি মালা গলায় দিয়া/যাব বৃন্দাবন/তোরে লইয়া বৈরাগী হইয়া/ যামুগা লো সই...' গানের জন্য বিখ্যাত ছিলেন কিশোরগঞ্জের খেলু পাগলা। সেই খেলু পাগলা চলে গেলেন ওপারে।

শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কিশোরগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক বজলুর রশীদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তার গান আমাদের মুগ্ধ করত। কারাগারের সেরা সংগীতশিল্পী ছিলেন খেলু পাগলা। তার গানের তুলনা হয় না।

বজলুর রশীদ জানান, কিশোরগঞ্জ কারাগারের কর্মকর্তা-কর্মচারী ও হাজতিদের প্রিয়মুখ ছিলেন খেলু পাগলা। তিনি দুটি মাদক মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে আটক ছিলেন। তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ অণ্ডকোষজনিত গুরুতর জটিলতায় ভুগছিলেন তিনি। তাকে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত তাকে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে পাঠিয়ে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

খেলু পাগলার বাড়ি করিমগঞ্জ উপজেলার সাধের জঙ্গল গ্রামে। এলাকায় বাউলশিল্পী হিসেবে পরিচিতি ছিল তার। মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত হয়ে কিশোরগঞ্জ কারাগারে প্রায় আড়াই বছর ধরে বন্দি জীবনযাপন করছিলেন। তার মৃত্যুতে কারাগারের বন্দিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

×