দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দাগনভূঞার যুবক নিহত
হুমায়ুন কবির তামিম
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২১ | ০৫:৫২
দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে দাগনভূঞার হুমায়ুন কবির তামিম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে দেশটির লেনেশিয়া শহরে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের এনায়েতনগর গ্রামের তাজ মোহাম্মদ ভূঞা বাড়ির মৃত আবুল কাশেমের বড় ছেলে হুমায়ুন কবির তামিম বিগত চার পূর্বে ভিটেমাটি বিক্রি করে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমায়।
নিহতের মামা আব্দুল আউয়াল তানশেন জানান, আমার ভাগিনা লেনেশিয়ার একটি দোকানে কাজ করত। শুক্রবার সেখানে ৭-৮ জন অস্ত্রধারী কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী প্রবেশ করে। এসময় সন্ত্রাসীরা দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ টাকা ও মালামাল লুট করতে থাকে। বাধা দিলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে তামিম নিহত হয়।
নিহতের স্বজন তোফায়েল আহম্মদ বলেন, তামিম খুব ভালো ছেলে ছিল। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।
দাগনভূঞা থানার অফিসার ইচার্জ মো. ইমতিয়াজ আহমেদ জানান, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি তিনি জেনেছেন।
