সড়কের বেহাল দশা, ভোগান্তিতে বিলের ৬০ হাজার মানুষ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২১ | ০৩:৩৩
সড়কজুড়ে পিচ ওঠা গর্ত। গাড়ি গেলে যেন ধুলাবালুর ঝড় ওঠে। আর বৃষ্টি হলে পানি জমে জলাবদ্ধতা। মাঝেমধ্যেই উল্টে যায় গাড়ি। গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার চান্দা বিল ও বাঘিয়ার বিলের ১৮ কিলোমিটার সড়কের এই দশা দুই বছর ধরে। এতে ভোগান্তিতে পড়েছেন এই এলাকার অন্তত ৬০ হাজার মানুষ।
এছাড়াও এই উপজেলার বাকি সড়কগুলোর অবস্থাও একই রকম। এমনকি ডোমরাসুর-কদমবাড়ি সড়ক ৩ বছর ধরে সংস্কারের জন্য খুঁড়ে রাখা হয়েছে। ফলে এই সড়কগুলো দিয়ে চলাচল করতে মানুষের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে। সাথে পোহাতে হচ্ছে ভোগান্তি।
মুকসুদপুর উপজেলার ননীক্ষীর গ্রামের ময়নাল ফকির (৬৫) বলেন, চান্দা বিলের ১৫ টি গ্রামের মানুষ জলিরপাড়-উজানী সড়ক দিয়ে চলাচল করেন। বিগত ২ বছর ধরে সড়কের পিচ উঠে গেছে। সড়কের বিভিন্ন স্থানে ছোট বড় গর্তের সৃস্টি হয়েছে। এ সড়কে চলাচল করতে গেলে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হয়। এ সড়কে চলাচলে অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় হয়।
মুকসুদপুর উপজেলার উজানী গ্রামের কৃষক সদানন্দ বৈদ্য বলেন, এ সড়ক দিয়ে উৎপাদিত কৃষি পন্য, মৎস্য সম্পদ পরিবহন ও বাজারজাত করণে আমাদের ভোগান্তির শেষ নেই। এ সড়কে পণ্য পরিবহন করতে আমাদের পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে। বিল, পুকুর ও ঘেরের মাছ পরিবহনে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে।
কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউপি চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, বাঘিয়ার বিলের ৮ কিলোমিটার সড়ক ৩ বছর ধরে সংস্কারের জন্য খুঁড়ে রাখা হয়েছে।এ সড়কে চলাচল করতে গেলে কোমর ভেঙ্গে যায়। আমরা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানাচ্ছি।
গোপালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এহসানুল হক বলেন, গোপালগঞ্জ জেলার ৫ উপজেলায় আমাদের প্রায় ৫ হাজার কিলোমিটার সড়ক রয়েছে। এরমধ্যে চান্দা বিলে ১০ কিলোমিটার ও বাঘিয়ার বিলের ৮ কিলোমিটার সড়ক বেহাল। আমরা দ্রুত সড়ক দু’টি সংস্কার করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে দেব।
তিনি আরও বলেন, মুজিববর্ষে গোপালগঞ্জের কোন সড়কই বেহাল থাকবে না।
- বিষয় :
- গোপালগঞ্জ
- সড়ক
- বেহাল দশা
- বিলের মানুষ
