ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হাঁস নিয়ে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল একজনের

হাঁস নিয়ে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল একজনের
×

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২১ | ০৮:২০

হাঁসের পালে কয়েকটি হাঁস কম থাকায় প্রতিবেশীর খামারে খোঁজতে যান রুবেল। কিন্তু হাঁস না পেয়ে ফিরে যান তিনি। এ নিয়ে প্রতিবেশীর সঙ্গে বাকবিতণ্ডা বাঁধে রুবেলের। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে রুবেলের বাবা তাদের ফেরাতে যান। এসময় অসুস্থ বোধ করে হঠাৎই মারা যান বাবা জসিম উদ্দিন।

ময়মনিসংহের ধোবাউড়া উপজেলার কালিদহ কান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এরপর শুক্রবার দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, হাঁসের খামারি রুবেলের খামারে কয়েকটি হাঁস কম হওয়ায় বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশী আজমত হোসেনের খামারে যান। সেখানে হাঁস না পেয়ে রুবেল বাড়িতে ফিরে গেলেও আজমতের পরিবারের লোকজন তীর্যক কথা বলতে শুরু করেন। এ নিয়ে রুবেলের সঙ্গে আজমতের বাকবিতণ্ডা শুরু হলে তার বাবা জসিম উদ্দিন ফেরাতে যান। কিন্তু ওই সময় তাদের হাতাহাতিতে পড়ে যান জসিম। বুকে ব্যথা অনুভব করলে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পথে বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ নিয়ে স্থানীয়ভাবে বিতর্ক শুরু হলে খবর পেয়ে ধোবাউড়া থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। মৃত্যু নিয়ে অভিযোগ উঠলেও পুলিশ যাওয়ার পর অভিযোগ দিতে অস্বীকার করে পরিবারের লোকজন। কিন্তু মৃত্যুকে ঘিরে অভিযোগ ওঠায় পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় আনতে গেলে প্রথমে বাধা দেয় এলাকাবাসী।

পরে শুক্রবার দুপুরে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত জসিম উদ্দিনের আরেক ছেলে মুস্তাকিম মিয়া বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।

ধোবাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন বলেন, হাঁস হারানো নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হয়। থামাতে গিয়ে জসিম মারা গেছেন অভিযোগ ওঠায় মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×