ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

চোর সন্দেহ করার জেরে ফুলপুরে একজনকে পিটিয়ে হত্যা

চোর সন্দেহ করার জেরে ফুলপুরে একজনকে পিটিয়ে হত্যা
×

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২১ | ০৮:৫১

বাড়ির পাশে খালে জাল পেতে মাছ ধরতেন রুহুল আমিন। এক রাতে তার জালটি চুরি হয়ে যায়। এতে তিনি সন্দেহ করেন প্রতিবেশী ফুলচানকে। সন্দেহের কথা জানাতেই ফুলচানের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় তার। ফুলচান ও তার পরিবারের লোকজন লোহার রড দিয়ে এলোপাতাড়ি পেটায় রুহুল আমিনকে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। 

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ঠাকুর বাহাই গ্রামে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

সাবেক ইউপি সদস্য আক্কাস আলীর ছেলে রুহুল আমিনের (৪২) প্রকৃত বাড়ি হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়নের গাজীপুর গ্রামে। ফুলপুরের ঠাকুর বাহাই গ্রামে নানাবাড়ির সম্পত্তি পাওয়ায় সেখানেই থাকতেন তিনি।

জানা গেছে, গত সোমবার রাতে খালে পেতে রাখা রুহুলের জালটি চুরি হয়ে যায়। আশপাশে খোঁজ করেও কোথাও সেটি পাচ্ছিলেন না। গত বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে বসে জাল বুনছিলেন রুহুল। ওই সময় পাশ দিয়ে যাচ্ছিল প্রতিবেশী ফুলচান। এ সময় জালটি ফুলচান চুরি করেছে- এমন সন্দেহের কথা প্রকাশ করলে শুরু হয় দু'জনের মধ্যে বাগ্‌বিতণ্ডা। একপর্যায়ে ফুলচানের পরিবারের লোকজন এসে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পেটাতে শুরু করে রুহুলকে। তাকে বাঁচাতে খালাতো ভাই হাফিজুল ইসলাম এগিয়ে গেলে তাকেও পেটানো হয়। পরে দু'জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় রুহুলের মৃত্যু হয়।

এ ঘটনায় রুহুলের ভাই রমিজুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় হত্যা মামলা করেন। এতে প্রতিপক্ষ ইয়াছিন মিয়া, তার ছেলে ফুলচান, লালচান, বাবুলসহ সাতজনের নাম উল্লেখ করে আরও অন্তত পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

রুহুলের ভাই রমিজুল ইসলাম এ হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

ফুলপুর থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, মাছ ধরার জাল চুরি নিয়ে বাগ্‌বিতণ্ডায় হামলা ও মৃত্যুর ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×