ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

রেলওয়ের স্টোর থেকে ১৫ লাখ টাকার ফিস প্লেট গায়েব

রেলওয়ের স্টোর থেকে ১৫ লাখ টাকার ফিস প্লেট গায়েব
×

ছবি: ফাইল

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২১ | ১০:২০

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে জংশন স্টেশনের এসএসএই স্টোর থেকে ১৫ লাখ টাকা মূল্যের ৫০ টন ফিস প্লেট গায়েব হয়ে গেছে। এ ঘটনায় রেল কর্তৃপক্ষের মধ্যে তোলপাড় শুরু হয়েছে।

এ ঘটনায় বগুড়ার বিভাগীয় প্রকৌশলী মো. সাইদুর রহমানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. আনোয়ার হোসেন।

এসএসএই অফিস সূত্রে জানা যায়, বগুড়ার সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (এসএসএই) মাজেদুল ইসলাম গত বুধবার বোনারপাড়ার আগের দায়িত্বপ্রাপ্ত ইএন দিপক কুমার সিংহের কাছ থেকে রেলের মালপত্র বুঝে নিচ্ছিলেন। এ সময় স্টোরের তালা খুলে হিসাব নিতে গিয়ে দেখেন সাত হাজার ৪০০ পিস ফিস প্লেটের কোনো হদিস নেই। এই স্টোরে স্থানীয় রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সবুজ মিয়া ও রব্বানী নিরাপত্তারক্ষীর দায়িত্বে রয়েছে। স্টোর রুমটি সব সময় তালাবদ্ধ থাকে। এর পরও কীভাবে প্লেটগুলো উধাও হলো তা নিয়ে বোনারপাড়া রেলওয়ে কর্মকর্তাদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে।

এ ব্যাপারে আগের দায়িত্বপ্রাপ্ত এসএসএই দিপক কুমার সিংহ জানান, গত ২০ জুন পর্যন্ত মালপত্র সঠিক ছিল। কিন্তু এক থেকে দেড় মাসের ব্যবধানে তালাবদ্ধ ঘর থেকে মালপত্র কীভাবে গায়েব হলো সে রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

বোনারপাড়া রেলওয়ে জিআরপি থানার ওসি তাপস চন্দ্র পণ্ডিত জানান, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা অভিযোগ দিলে রহস্য উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (এসএসই) মাজেদুল ইসলাম জানান, প্রকৃত দোষী ব্যক্তিদের খুঁজে বের করা হবে।

আরও পড়ুন

×