সিলেটে স্কুলছাত্র নাঈম হত্যায় ৪ জনের ফাঁসি
প্রতীকী ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৯ | ০৭:৩৫
সিলেটের দক্ষিণ সুরমায় কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র শিশু নাঈম হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে সিলেট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মুহিতুল হক এ আদেশ দেন।
ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিরা হলো- দক্ষিণ সুরমা উপজেলার পুরান তেতলী গ্রামের মৃত আফতাব আলীর ছেলে ইসমাইল আলী, একই এলাকার ইছহাক মিয়া ওরফে ইছহাক আলীর ছেলে মিঠুন মিয়া, তার ভাই রুবেল ও দক্ষিণ সুরমার ভার্থখলা ডি ব্লকের রুবেল মিয়ার ছেলে বিপ্লব ওরফে বিপলু। এ ছাড়া নগরীর কুয়ারপাড় ভাঙ্গাটিকর এলাকার আবুল হোসেনের ছেলে জুনায়েদ হোসেনকে খালাস দিয়েছেন আদালত।
মামলার বাদীপক্ষের আইনজীবী গোলাম এহিয়া জানান, রায়ে নাঈমের পরিবার খুশি। তারা রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।
২০১১ সালের ১৪ আগস্ট দক্ষিণ সুরমার পুরান তেতলী গ্রামের বাসিন্দা আবদুল হকের ছেলে ও স্থানীয় লিটল স্টার কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র নাঈমকে বাড়ি থেকে অপহরণের পর হত্যা করা হয়। এ ঘটনায় ২০ আগস্ট নাঈমের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা করেন। ওই বছরের ২৬ নভেম্বর দক্ষিণ সুরমা থানার এসআই হারুন মজুমদার পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। পূর্বশত্রুতার জেরে আসামিরা নাঈমকে হত্যা করে বলে চার্জশিটে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘোষণা করেন আদালত।
- বিষয় :
- সিলেট
- স্কুলছাত্র নাঈম হত্যা
- মৃত্যুদণ্ডাদেশ
