পাবনায় স্কুলছাত্রী ধর্ষণের শিকার, হাসপাতালে মৃত্যু
প্রতীকী ছবি
পাবনা অফিস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২১ | ০৯:৩৭ | আপডেট: ২৫ আগস্ট ২০২১ | ০৯:৩৭
পাবনায় সুবর্ণা খাতুন নামে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে মারা গেছে। বুধবার সদর উপজেলার হামচিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই স্কুলছাত্রী পাবনা সদর উপজেলার হামচিয়াপুর গ্রামের দিনমজুর সাইদুল ইসলামের মেয়ে। সে হামচিয়াপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। অভিযুক্ত কিশোর দশম শ্রেণির ছাত্র নিহাদ হোসেন একই গ্রামের জামাত আলীর ছেলে।
নিহত স্কুলছাত্রীর মা ও মামা গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করে বলেন, এক বছর ধরে সুবর্ণাকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল নিহাদ। এ কারণে তাকে নানাবাড়িতে রাখা হয়েছিল। কয়েকদিন আগে স্কুলের অ্যাসাইনমেন্ট জমা দেওয়া উপলক্ষে বাড়িতে আসে সে। বুধবার স্কুলছাত্রীর মা-বাবা কাজে বাইরে যান। এ সুযোগে দুপুর ১২টার দিকে বাড়িতে ঢুকে নিহাদ তাকে ধর্ষণ করে। এ সময় প্রচুর রক্তক্ষরণে সে অসুস্থ হয়ে পড়ে। তার মা বাড়িতে ফিরে মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনা জানার পর আমরা হাসপাতালে খোঁজ নিয়েছি, চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। সেখানে কাগজপত্র অনুযায়ী পরিবারের লোকজন মেয়েটির পেটে ব্যথা ও বিষাক্ত কিছু খেয়েছে মর্মে উল্লেখ করে ভর্তি করেন। চিকিৎসকরাও তার পেট ওয়াশ করেন। ভর্তির সময় তারা পুলিশকে কিছু জানাননি। মেয়েটি মারা যাওয়ার পর ধর্ষণের কথা বলছেন।
ওসি আমিনুল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের অভিযোগসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে, নাকি বিষাক্ত কিছু খেয়ে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
