ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

ট্রলারডুবি: বিজয়নগরে নৌযান চলাচল বন্ধ

ট্রলারডুবি: বিজয়নগরে নৌযান চলাচল বন্ধ
×

বিজয়নগরে সাময়িক সময়ের জন্য নৌযান চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২১ | ২২:২১ | আপডেট: ২৭ আগস্ট ২০২১ | ২২:২৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রলারডুবির ঘটনায় সব ধরনের নৌযান চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছে। বিজয়নগরের লইসকা বিলে বালুবোঝাই ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী ট্রলার ডুবে ২১ জনের মৃত্যুর ঘটনায় বিজয়নগর উপজেলা প্রশাসন এ নির্দেশনা জারি করে। শনিবার সকালে থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে।  

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাবেয়া আফসার জানান, ট্রলারডুবির ঘটনায় সাময়িক সময়ের জন্য বিজয়নগর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নৌযান চালুর বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা ডুবে ২১ জনের মৃত্যু 

উদ্ধার অভিযান চলছে, স্বজনদের অপেক্ষা  

এদিকে মরদেহ দাফনের জন্য নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দিয়েছে জেলা প্রশাসন। শনিবার সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল আবারও উদ্ধার অভিযান শুরু করেছে। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক তৌফিকুল ইসলাম ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। উৎসুক জনতা এখনও ঘটনাস্থলে ভিড় করছে। ট্রলারডুবির ওই ঘটনায় ৫০ জন যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও প্রাণ হারান ২১ জন। ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর পৈরতলা গ্রামের ফারুক মিয়ার চার বছরের মেয়ে এখনও নিখোঁজ রয়েছে। তার খোঁজে চাচা শাহিন মিয়া ঘটনাস্থলে অপেক্ষা করছেন। 

মরদেহ হস্তান্তর, ১৬ জনই নারী-শিশু

এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে ২১ জনের মরদেহ উদ্ধার করেন। তাদের মধ্যে ১৮ জনের পরিচয় মিলেছে। ১৬ জনই নারী ও শিশু। শুক্রবার রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নৌকাডুবি: একের পর এক মরদেহ আসছে হাসপাতালে

নিহতদের পরিচয় শনাক্ত

নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকূট গ্রামের আবদুল্লাহর মেয়ে তাকুয়া (৮), বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের ফতেহপুর গ্রামের জহিরুল হক ভূইয়ার ছেলে মামুন ভূইয়া (২০), একই ইউনিয়নের গেরারগাঁও গ্রামের মালু মিয়ার স্ত্রী মঞ্জু বেগম (৬০), জজ মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৪০), তার মেয়ে মুন্নী বেগম (৬), একই ইউনিয়নের নূরপুর গ্রামের আবদুর রাজ্জাক ওরফে মন মিয়ার স্ত্রী মিনারা বেগম, বিজয়নগরের চম্পকনগর ইউনিয়নের আদমপুর গ্রামের পরিমল বিশ্বাসের স্ত্রী অঞ্জনা বিশ্বাস (৩০), তার মেয়ে ত্রিদিবা বিশ্বাস (আড়াই বছর), গেরারগাঁওয়ের আবদুল হাসেমের স্ত্রী কমলা বেগম ওরফে রওশন আরা, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ পৈরতলার আবু সাঈদের স্ত্রী মোমেনা বেগম (৫৫), পৌর এলাকার উত্তর পৈরতলার ফারুক মিয়ার স্ত্রী কাজলা বেগম, পৌর এলাকার দাতিয়ারা গ্রামের হাজী মোবাশ্বের মিয়ার মেয়ে তাসফিয়া মীম (১২), সদর উপজেলার সাদেকপুর গ্রামের মুরাদ হোসেনের ছেলে তানবীর (৮), গাছতলা গ্রামের জামাল মিয়ার ছেলে সাজিম (৭)। সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের জারু মিয়ার মেয়ে শারমীন (১৮), ময়মনসিংহের খোকন মিয়ার স্ত্রী ঝর্ণা বেগম (৫৫), বিজয়নগরের চম্পকনগর ইউনিয়নের কামাল মিয়ার মেয়ে মাহিদা আক্তার (৫) ও পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামের আব্দুল বারীর ছেলে সিরাজুল ইসলাম (৫৮)। 



আরও পড়ুন

×