নিখোঁজের ৩ দিন পর বস্তায় মিলল শিশুর লাশ
শিশু আল-আমীন
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২১ | ০৮:৩১ | আপডেট: ৩১ আগস্ট ২০২১ | ০৮:৩১
মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের তিনদিন পর শিশু আল-আমীনের (৭) বস্তাবন্দি লাশ করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের রেরুন্ডি এলাকার টেমার ঝোড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আল-আলীন বলধারা ইউনিয়নের বড়বাঁকা গ্রামের কাতার প্রবাসী শহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
সিংগাইর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. আবু হানিফ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে টেমার ঝোড়ে একটি গর্ত থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। গত শনিবার সকাল ৯টার দিকে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। এ ঘটনায় ওই দিনই শিশুটির বাবা শহিদুল ইসলাম সিংগাইর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা শিশুটিকে হত্যা করে বস্তায় ভরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি ঝোড়ে পুঁতে রাখে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
