সিটি ব্যাংক-এমআরডিআইর উদ্যোগ
শার্শায় ৪১ দরিদ্র স্কুলছাত্রী পেল বাইসাইকেল
স্বুলছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন সংশ্লিষ্টরা- সমকাল
যশোর অফিস
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯ | ১০:১৯
যশোরের শার্শা উপজেলার বসতপুরে ৪১ স্কুলছাত্রীকে দেওয়া হলো বাইসাইকেল। শনিবার বিকেলে সিটি ব্যাংক ও বেসরকারি সংস্থা এমআরডিআইর উদ্যোগে স্থানীয় বসতপুর ২নং কলোনি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাইকেল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি শেখ আফিল উদ্দিন।
সাইকেল পাওয়া সবাই বসতপুর মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সদস্যদের সন্তান। সংস্থার নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এর আগে সিটি ব্যাংক-এমআরডিআইর উদ্যোগে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনসহ এটি পরিচালনায় এক কোটি ২৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়।
অনুষ্ঠানে গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম মঞ্জু, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাকিনা খাতুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান, সিটি ব্যাংকের চিফ ইকোনমিস্ট অ্যান্ড কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান, এমআরডিআইর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান প্রমুখ।
উপজেলার ছোটকলোনি এলাকার ভ্যানচালক দুলাল হোসেনের মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী শারমিন খাতুন জানায়, প্রতিদিন তিন কিলোমিটার হেঁটে স্কুলে যেতে হতো তাকে। এখন বাইসাইকেল পেয়ে তার উপকার হয়েছে। বসতপুর বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সাদিয়া আফরিনের বাবা আকতার হোসেন বলেন, প্রতিদিন তার মেয়ে বাড়ি থেকে সাড়ে তিন কিলোমিটার হেঁটে বিদ্যালয়ে আসা-যাওয়া করত। বাইসাইকেল পেয়ে তার সময় বেঁচে যাবে। একই সঙ্গে লেখাপড়ায় মনোযোগী হবে। একই রকমের অনুভূতি ছিল বাইসাইকেল পাওয়া সব শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের।
এমআরডিআইর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান জানান, সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন করা যায়, তারই একটি উদাহরণ এই বাইসাইকেল প্রদান অনুষ্ঠান। সুপরিকল্পিতভাবে সিএসআরের টাকা ব্যয় হলে দারিদ্র্য বিমোচনে সরাসরি ভূমিকা রাখবে।
- বিষয় :
- যশোর
- শার্শা
- বাইসাইকেল
- স্কুলছাত্রী
