ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চলনবিলে ২০ বকপাখিসহ ৫ শিকারি আটক

চলনবিলে ২০ বকপাখিসহ ৫ শিকারি আটক
×

চলনবিলে পাখি শিকারি ও এলাকাবসীর মাঝে সচেতনতা বাড়াতে বক্তব্য রাখেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রকিবুল হাসান। ছবি: সমকাল

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১ | ০৮:৫৩ | আপডেট: ১৪ অক্টোবর ২০২১ | ০৮:৫৩

সিংড়ার চলনবিলের দুর্গম এলাকায় বক দিয়ে পাখি ধরার সময় মজিবুর রহমান, সোলেমান, কামরুল, নয়ন ও নুর-এ-আলম নামে ৫ পাখি শিকারিকে আটক করেছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।

বৃহস্পতিবার ভোররাতে সিংড়া উপজেলার কলিগ্রাম ও শালিখা গ্রামে এই অভিযান চালানো হয়। এ সময় ২০টি বকপাখি জব্দসহ ২১টি ফাঁদ ধ্বংস করা হয়। পরে সিংড়া উপজেলার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আটককৃতদের মধ্যে তিনজনকে ৫ হাজার টাকা জরিমানাসহ মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোরে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং সিংড়ার পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা সিংড়া উপজেলার কলিগ্রাম ও শালিখা এলাকায় অভিযান চালান। ২১ সদস্যের দলটি প্রায় ৩ ঘণ্টা অভিযান চালিয়ে বিলের ধানক্ষেতে পাখি শিকারের ফাঁদ হিসেবে তৈরি কলা ও খেজুর পাতার কিল্লাঘর থেকে ৫ পাখি শিকারিকে আটক ও ২০টি বকপাখি উদ্ধার করে। 

এ সময় পাখি শিকারের ফাঁদ ধ্বংস করা হয়। পরে আটক শিকারিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রকিবুল হাসান আটকদের কাছ থেকে মুচলেকা ও ৩ জনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেন।

অভিযানে অংশ নেন রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহসভাপতি হাসান ইমাম, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি হারুন অর রশিদ, সাংবাদিক খান মো. শারফুল ইসলাম খোকন, পরিবেশকর্মী আবু বকর সিদ্দিক, মহসিন আলম, হাসিবুর রহমান শিমুল, জুবায়ের হোসেন, আবু কাহার প্রমুখ।


আরও পড়ুন

×