আ. লীগ নেতার মাদক সেবনের ভিডিও ফেসবুকে
ছবি: ভিডিও থেকে নেওয়া
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২১ | ০৩:৪৩ | আপডেট: ২০ অক্টোবর ২০২১ | ০৫:২৭
ফেনীর দাগনভূঞায় মো. শাহজাহান নামে এক আওয়ামী লীগ নেতার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে ভিডিওটি মাদক সেবনের। শাহাজাহান দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
তবে মাদক সেবনের অভিযোগ অস্বীকার করেছেন মো. শাহজান। তিনি বলেন, ‘আমার সুনাম ক্ষুণ্ন করতে একটি চক্র ছবি ও ভিডিও এডিট করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি।’
রাজাপুর ইউনিয়ন আ. লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, ভিডিওটি তিনি ফেসবুকে দেখেছেন। এ বিষয়ে উপজেলা ও জেলা আ. লীগের নেতৃবৃন্দকেও জানিয়েছেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জিডির সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফিজ আহমেদ জানান, কোনো মাদক সেবনকারী আ. লীগের পদ-পদবীতে থাকার অধিকার রাখেন না। শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার সত্যতা প্রমাণ হলে জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির সঙ্গে পরামর্শ করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
- বিষয় :
- ফেনী
- দাগনভূঞা
- আওয়ামী লীগ নেতা
- মাদক সেবন
