ভারতের সঙ্গে চুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস: আ'লীগ নেতা বহিষ্কার
খুলনা ব্যুরো
প্রকাশ: ১০ অক্টোবর ২০১৯ | ১০:২৪ | আপডেট: ১০ অক্টোবর ২০১৯ | ১০:২৯
খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক ডা. শেখ বাহারুল আলমকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পাদিত সাম্প্রতিক চুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় তার বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় দলীয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ নিয়ে দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ডা. বাহার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) খুলনা জেলা শাখার সাবেক সভাপতি। স্থানীয় আওয়ামী লীগে তিনি সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এসএম মোস্তফা রশিদী সুজা গ্রুপের অনুসারী। সুজার মৃত্যুর পর থেকে দলটিতে অপর গ্রুপের নেতা ও জেলা কমিটির সভাপতি শেখ হারুনুর রশীদের অনুসারীদের প্রাধান্য রয়েছে।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট ফরিদ আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের জরুরি সভায় ফেসবুকে সরকার প্রধান, দলীয় প্রধান ও রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ডা. শেখ বাহারুল আলমকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন তাকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তা আগামী সাত দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।
এ ব্যাপারে ডা. বাহার সমকালকে বলেন, আমি প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সম্পর্কে কোনো কিছুই লিখিনি। ভারত যেসব বিষয়ে বাংলাদেশের স্বার্থকে মূল্যায়ন করছে না, সে বিষয়ে লিখেছি। অথচ আমার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ মনগড়া অভিযোগ উত্থাপন করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ বলেন, এটা দলীয় সিদ্ধান্ত, আমার একার নয়। দলের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তের বিষয়ে ডা. বাহার সমালোচনা করেছেন। দল করে এটা তিনি করতে পারেন না।
- বিষয় :
- আওয়ামী লীগ নেতা
- বহিষ্কার
- খুলনা
- ফেসবুক স্ট্যাটাস
