ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ছবি: গুগল
নিজস্ব প্রতিবেদক, ফেনী
প্রকাশ: ১০ অক্টোবর ২০১৯ | ২২:২৫ | আপডেট: ১১ অক্টোবর ২০১৯ | ০০:১৮
ফেনীর সদর উপজেলায় রবিউল হক মানিক (৪২) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বাজারের পাশে মানিকের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত মানিক ৮ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে। তিনি পেশায় রংমিস্ত্রি এবং ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন।
স্থানীয়দের বরাতে ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন সমকালকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির গেটে একদল দুর্বৃত্ত মানিককে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে ৭-৮টি কোপের চিহ্ন রয়েছে।
- বিষয় :
- ফেনী
- যুবলীগ নেতা
- কুপিয়ে হত্যা
