দাগনভূঞায় গরম পানিতে ভাবীর শরীর ঝলসে দিলো দেবর
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২১ | ০৫:১৭ | আপডেট: ২১ নভেম্বর ২০২১ | ০৫:১৭
দাগনভূঞায় পারিবারিক কলহের জেরে দেবরের ছুঁড়ে দেওয়া গরম পানিতে রাবেয়া আক্তার মুন্নি (২৩) নামে এক নারীর শরীর ঝলসে গেছে। শনিবার বিকেলে উপজেলার উত্তর চন্ডিপুর গ্রামের গুড়া কাজী বাড়িতে এই ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে পারিবারিক কলহের জেরে চন্ডিপুর গ্রামের সিরাজ উল্যাহর ছেলে আহসান উল্যাহ খোকন (৩০) ও তার স্ত্রী রোকসানা আক্তার সুইটি (২৩) বড় ভাবী মুন্নির শরীর লক্ষ্য করে গরম পানি নিক্ষেপ করে। এসময় তার কোমর থেকে উরুর নিচ পর্যন্ত গরম পানিতে ঝলসে যায়। চিৎকার শুনে বাড়ির অন্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় রাতে তার স্বামী শহীদ উল্যাহ বাদী হয়ে থানায় খোকন ও তার স্ত্রীকে আসামি করে মামলা করেন । পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ফরহাদ কামাল সুজন ওই দুই আসামিকে গ্রেপ্তার করেন।
মামলার বাদী শহীদ উল্যাহ জানান, দীর্ঘদিন নানা ছুতায় তার ভাই ও তার স্ত্রী ঝগড়া করতেছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও তারা বিচার মানেন না। ওই দিন হত্যার উদ্দেশ্যে তার স্ত্রীকে গরম পানি নিক্ষেপ করে ঝলসে দেওয়ার পর প্রাণনাশের হুমকি দেয়।তিনি সিএনজি চালিত অটোরিকশা চালক। সারাদিন তিনি বাড়ির বাইরে থাকেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
