আ'লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হওয়ায় মেয়র লিটনকে গণসংবর্ধনা
শনিবার বিকেলে মহানগরীর বাটার মোড়ে এই গণসংবর্ধনার আয়োজন করে রাজশাহী মহানগর আওয়ামী লীগ -সমকাল
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১ | ০৯:০৯ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২১ | ০৯:০৯
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে মহানগরীর বাটার মোড়ে এই গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। অনুষ্ঠানে হাজারো মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামানের পুত্র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল খালেক।
মেয়র লিটন বলেন, 'দায়িত্ব যথাযথভাবে যেনো পালন করতে পারি, সেজন্য সবাই দোয়া করবেন। আমার সর্বোচ্চ দিয়ে দলের জন্য এবং মানুষের জন্য কাজ করে যাব। আমার পরিশ্রম, মেধা, শ্রম যদি দলের জন্য বিন্দুমাত্রও কাজে লাগে, সেটি হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।'
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, সদস্য আখতার জাহান, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
