বগুড়ায় পরীক্ষার হলে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১ | ১১:৩৬ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ | ১১:৩৬
বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের জাকিরুল ইসলাম নামে এক শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষার হলে পরীক্ষার্থীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। তিনি আরবি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। এ ঘটনায় পরীক্ষার্থীর বাবা রোববার দুপুরে ওই শিক্ষকের বিরুদ্ধে কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনার্স প্রথম বর্ষের পরীক্ষা ছিল। মেয়েটির পরীক্ষার সিট পড়েছিল কলেজের অডিটোরিয়াম ভবনে। সেখানে আরও ১১ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষা চলাকালে ওই কক্ষে দায়িত্বরত শিক্ষক জাকিরুল ইসলাম মেয়েটির শরীরে বারবার স্পর্শ করে হয়রানি করেন। পরে ভিকটিম পরীক্ষা শেষে পরিবারকে বিষয়টি জানান। রোববার এ বিষয়ে অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ করেন।
ভিকটিমের বাবা রফিকুল ইসলাম জানান, একজন শিক্ষকের আচরণ কখনোই এমন হতে পারে না। আজ আমার মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটেছে, কাল অন্যের সঙ্গে যে ঘটবে না- তার কোনো নিশ্চয়তা নেই। ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এদিকে অভিযুক্ত শিক্ষক জাকিরুল ইসলাম ঘটনা অস্বীকার করেন। সরকারি আজিজুল কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- যৌন হয়রানি
- অভিযোগ
- সরকারি আজিজুল হক কলেজ
