সাতক্ষীরায় ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন
সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১ | ০৫:৪২ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২১ | ০৫:৪২
ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে মামলার আবেদন হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরার চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে মামলাটির আবেদন করেছেন জাতীয়তাবাদি আইনজীবী ফোরামের সদস্য ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাড. এখলেছার আলী বাচ্চু। বিচারক হুমায়ুন কবির আবেদনটি আমলে নিয়েছেন।
মামলার বাদী এ্যাড. এখলেছার আলী বাচ্চু জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ও তার দাদী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. মুরাদ হাসান। বিএনপির একজন কর্মী হিসেবে ওই বক্তব্য তাদেরকে মানসিকভাবে তীব্র আঘাত করেছে। এ কারণে ১৮৬০ সালের পেনাল কোড ১৫৩(ক),৫০৫ (ক) ও ৫০৯ ধারা অনুযায়ী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম, সাতক্ষীরা ইউনিটের পক্ষ থেকে মামলার আবেদন করা হয়েছে।
মামলার আইনজীবী এড. আব্দুল মজিদ জানান, পেনাল কোডের কয়েকটি ধারায় ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে করা মানহানির মামলার আবেদনটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে পরবর্তীতে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
মামলার সাক্ষী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য এড. এবিএম সেলিম জানান, ব্যারিস্টার জাইমা রহমানের বিরুদ্ধে ডা. মুরাদ হাসান যে আপত্তিকর মন্তব্য করেছেন,সেটি দু:খজনক। আমরা আদালতে তার বিচার চেয়েছি।
