ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে শাহবাগ শিশুপার্কের নামকরণ

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে শাহবাগ শিশুপার্কের নামকরণ
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১ | ০৭:১২ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ | ০৮:২৬

সোহরাওয়ার্দী উদ্যানের শাহবাগ সংলগ্ন শিশুপার্কটির নাম হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে নামকরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার ডিএসসিসির দ্বিতীয় পরিষদের একাদশতম বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। 

এর আগে ডিএসসিসির আওতাধীন এলাকার সড়ক, ভবন ও স্থাপনা নামকরণ সংক্রান্ত উপ-কমিটির ২২ ডিসেম্বরের সভায় এটির নাম পরিবর্তনের প্রস্তাব ওঠে। ওই সভার সুপারিশের ভিত্তিতে পার্কটির নতুন নাম দেওয়া হয়েছে, ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশুপার্ক’।

১৫ একর জায়গার ওপর ১৯৭৯ সালে ‘শহীদ জিয়া শিশুপার্ক’ হিসেবে এটি প্রতিষ্ঠিত হলেও বিভিন্ন সময়ে ফটকে কখনো কেন্দ্রীয় শিশুপার্ক, শাহবাগ শিশুপার্ক বা শহীদ জিয়া শিশুপার্কের সাইনবোর্ড ছিল।

সভায় সভাপতির বক্তব্যে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজল নূর তাপস বলেন, আগামী বছর থেকে অবৈধ রিকশা ও ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চালানো হবে। এ জন্য নগরবাসীর সহযোগিতা ও সহায়তা প্রয়োজন হবে। এরই মাঝে রিকশা নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে কার্যক্রমগুলো প্রায় সমাপ্তির দিকে নিয়ে এসেছি। আমরা যেমনি গাড়ি রাখার স্থান তৈরি করব তেমনি রিকশা রাখার স্থানও তৈরি করা হবে। সেখান থেকেই যাত্রীরা রিকশায় উঠবে। এভাবে আমরা ঢাকা শহরের যান চলাচল ব্যবস্থা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসব।

সম্প্র্রতি বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় পরীক্ষামূলক বাস সেবা চালু হওয়া প্রসঙ্গে মেয়র তাপস বলেন, ইতোমধ্যে যাত্রীরা এই সেবা সাদরে গ্রহণ করেছেন। নিয়মবদ্ধভাবে নির্দিষ্ট যাত্রী ছাউনিতে বাস থামছে। সেখান থেকে যাত্রী উঠছে। ই-টিকিটিংয়ের মাধ্যমে যাত্রীরা সেবা পাচ্ছে। ফলে যাত্রী হয়রানি বন্ধ হয়েছে এবং ভাড়াও একদম সুনির্দিষ্ট হারে নির্ধারিত।

আরও পড়ুন

×