ভারত যেতে স্বল্পমেয়াদি ভ্রমণ কার্ড চালুর পরিকল্পনা হচ্ছে: বিজিবি মহাপরিচালক
সোমবার নওগাঁয় সেনাবাহিনী ও বিজিবির শীতকালীন যৌথ মহড়া পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক -সমকাল
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২ | ০৯:২২ | আপডেট: ১০ জানুয়ারি ২০২২ | ০৯:২২
অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী মানুষের জন্য স্বল্পমেয়াদি ভ্রমণ কার্ড চালুর পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলাম।
সোমবার দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নে সেনাবাহিনী ও বিজিবির শীতকালীন যৌথ মহড়া পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
বিজিবি মহাপরিচালক জানান, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অনেকে রয়েছেন, যাদের ভারতে আত্মীয়-স্বজন আছে। তারা যেন বিভিন্ন উৎসবে ভারতে যেতে পারেন এবং ভারতীয় নাগরিকরা বাংলাদেশে তাদের স্বজনের বাড়িতে বেড়াতে আসতে পারেন, সেজন্য ৫-৭ দিন ভ্রমণের অনুমতি কার্ড চালুর পরিকল্পনা হচ্ছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রধানের সঙ্গে আলোচনা চলছে।
যৌথ মহড়া বিষয়ে তিনি জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে যুদ্ধ পরিস্থিতিতে বিজিবি দেশরক্ষার দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি বাড়বে বিজিবি সদস্যদের মনোবল ও দক্ষতা।
তিনি আরও জানান, নির্দেশনা অনুযায়ী সীমান্তরক্ষী বাহিনী যুদ্ধের সময় সেনাবাহিনীর নেতৃত্বে দেশরক্ষার লড়াই করবে। এজন্য সেনাবাহিনীর সঙ্গে বিজিবির সমন্বয়ের প্রয়োজন। সেটাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
এ সময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল কবির, রংপুর অঞ্চলের সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ, রাজশাহীর সেক্টর কমান্ডার আনোয়ার লতিফ প্রমুখ।
- বিষয় :
- বিজিবি মহাপরিচালক
- নওগাঁ
