পুলিশি বাধায় বিএনপির সম্মেলন পণ্ডের অভিযোগ
সম্মেলনস্থলে পুলিশের উপস্থিতি
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ০৮:৪৫ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ০৮:৪৫
ঝালকাঠির নলছিটি উপজেলা বিএনপির সম্মেলন পুলিশের বাধায় পণ্ড হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার সকালে দপদপিয়া ইউনিয়ন কলেজ এলাকায় এই ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান খান হেলাল জানান, সকালে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনের জন্য থানা সড়ক এলাকায় নির্ধারিত স্থান ছিল। কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দও আসেন। কিন্তু পুলিশ শহরের কোথাও সম্মেলন করার অনুমতি দেয়নি। পরে দপদপিয়া ইউনিয়ন কলেজ এলাকার একটি বাড়ির উঠানে সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়।
সেখানে বিএনপির কেন্দ্রীয় নেত্রী বিলকিস জাহান শিরিন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেনহ ইউনিয়ন ও পৌরসভার সভার ওয়ার্ডের সভাপতি-সম্পাদকরা উপস্থিত হন।
আনিসুর রহমান অভিযোগ করেন, খবর পেয়ে পুলিশ গিয়ে ব্যানার ছিনিয়ে নেয়। লাঠি নিয়ে নেতাকর্মীদের ধাওয়া করে। এতে পণ্ড হয়ে যায় সম্মেলন।
পরে বরিশাল শহরের টাউন হল এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে নলছিটি উপজেলা ও শহর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয় বলে জানান তিনি।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, ‘পুলিশ বাহিনী দিয়ে সরকার বিএনপিকে দমন-নিপীড়ন করার চেষ্টা করছে। বিএনপি রাজপথের দল, সব সময় রাজপথে থাকবে। কোনো মামলা-হামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।’
নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, বিএনপি নেতৃবৃন্দকে সম্মেলন করার জন্য অনুমতি দেওয়া হয়নি। এর পরেও তারা গোপনে একটি ইউনিয়নে সম্মেলনের আয়োজন করে। পুলিশ গিয়ে তাদের সম্মেলন করতে দেয়নি।
