ডোপ টেস্টের মাধ্যমে সাঁথিয়ায় যুবলীগের কমিটি গঠন
সাঁথিয়ায় যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি- সমকাল
পাবনা অফিস
প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯ | ০৯:০৩ | আপডেট: ১২ অক্টোবর ২০১৯ | ০৯:৩৭
ডোপ টেস্টের মাধ্যমে পাবনার সাঁথিয়ায় যুবলীগের নেতৃত্ব বেছে নেওয়া হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর শনিবার সাঁথিয়া পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি। সম্মেলনে আশরাফুজ্জামান টুটুলকে সভাপতি ও মিজানুর রহমান উকিলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সম্মেলনে অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, দেশের মধ্যে সাঁথিয়া উপজেলা যুবলীগের সম্মেলনটি ব্যতিক্রম। কারণ সম্মেলনের আগেই সব প্রার্থীকে ডোপ টেস্ট করানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাদকমুক্ত সংগঠন উপহার দিতেই এ টেস্ট করানো হয়েছে।
কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ নাসিম পাভেল বলেন, মিডিয়ায় যা দেখছেন তা আওয়ামী লীগ ও যুবলীগের আসল চিত্র নয়। ব্যক্তিগত দুর্নীতির দায় যুবলীগের হতে পারে না। হালুয়া রুটির ভাগবাটরার জন্য অনেক আগাছা দলে ভিড়েছে, তাদের থেকে সতর্ক থাকতে হবে।
উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন পাবনা জেলা যুবলীগের আহবায়ক মো. আলী মতুর্জা সনি বিশ্বাস, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, শেখ সাকিরুল ইসলাম রনি প্রমুখ।
- বিষয় :
- যুবলীগের কমিটি গঠন
- সাঁথিয়া
