ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আড়িয়াল খাঁ নদে ট্রলার ডুবি: বরিশালে আরও ১ মুসল্লির মরদেহ উদ্ধার

আড়িয়াল খাঁ নদে ট্রলার ডুবি: বরিশালে আরও ১ মুসল্লির মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ০৫:১১ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ০৫:১১

বরিশালের চরমোনাই দরবার শরীফের বার্ষিক মাহফিলে যোগ দিতে আসার সময় আড়িয়াল খাঁ নদে মুসল্লিদের নিয়ে ডুবে যাওয়া ট্রলারটির নিখোঁজ আরও এক মুসল্লির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে কোস্টগার্ড সদস্যরা আড়িয়াল খাঁ নদ থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ ওই ব্যক্তির লাশ উদ্ধার করেন। কোস্টগার্ডের দক্ষিণাঞ্চলের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এস.এম তাহসিন রহমান এ তথ্য জানান।

গত মঙ্গলবার রাতে চরমোনাই দরবার শরীফ থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে আড়িয়াল খাঁ নদে ট্রলার ডুবির এ ঘটনা ঘটে। ওই ঘটনায় বুধবার পর্যন্ত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। শনিবার একজনের মরদেহ উদ্ধার করা হলো। আরও একজন মুসল্লি নিখোঁজ রয়েছেন।

কোস্টগার্ড সূত্র জানায়, শনিবার সকাল সোয়া ৯টার দিকে আড়িয়াল খাঁ নদে একটি মরদেহ ভাসতে দেখে সেটি উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা। পরে নিখোঁজ এক মুসল্লির ছবির সঙ্গে মিলিয়ে প্রাথমিকভাবে শনাক্ত করা হয় এই ব্যক্তি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রুদ্রপুর গ্রামের মৃত কাছিমউদ্দীনের ছেলে রফিকুল ইসলাম শেখ।

বরিশাল সদর নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানাত জামান বলেন, উদ্ধার হওয়া রফিকুল ইসলাম শেখের আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে মরদেহ হস্তান্তর করা হবে। এ নিয়ে মোট চারজনের মরদেহ উদ্ধার করা হলো। এখনও একজন মুসল্লি নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন

×