ভোলায় ট্রলারডুবি: ৬দিন পর নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২২ | ০৪:০০ | আপডেট: ০২ মার্চ ২০২২ | ০৪:০৪
ভোলার দৌলতখানের মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবিতে নিখোঁজ এক জেলের মরদেহ ছয় দিন পর উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার তুলাতুলি সংলগ্ন মেঘনা নদী থেকে পুলিশ ও কোস্ট গার্ড লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহত ওই জেলের নাম মমিন। তিনি দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত কয়সর আহমেদের ছেলে। তার স্ত্রী ও ২ মেয়ে আছে। মমিনের দুই ভাই হুমায়ুন ও আজগর মাঝি অর্গলিত লাশটি শনাক্ত করেন।
পুলিশ জানায়, ২৪ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা এম.ভি তাসরিফ-০২ লঞ্চ দৌলতখানের মেঘনায় ট্রলারটিকে ধাক্কা দিলে ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের ছয় মাঝি মাল্লাকে তাৎক্ষণিকভাবে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ থাকেন তিন জন। ঘটনার এক দিন পর নিখোঁজ এরশাদ ও আকবরের লাশ উদ্ধার করে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস কর্মীরা। নিখোঁজ মমিনের লাশ বুধবার সকালে সদর উপজেলার তুলাতুলির মেঘনায় ভাসতে দেখে পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।
দৌলতখান থানার ওসি বজলার রহমান জানিয়েছে, ট্রলার মালিক আবদুর রহমান বাদী হয়ে লঞ্চের মাস্টার, সুকানির বিরুদ্ধে ওই থানায় একটি মামলা করেছেন। তদন্ত করে ওই মামলার ব্যবস্থা নেয়া হবে। এদিকে নিহত মমিনের ভাই হুমায়ুন এ ঘটনার জন্য দায়ী লঞ্চ স্টাফদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
- বিষয় :
- ভোলা
- দৌলতখান
- মেঘনা নদী
- লঞ্চের ধাক্কা
- বরিশাল
- ট্রলারডুবি