সিডনিতে হামলা
খালি হাতে অস্ত্রধারীর ওপর ঝাঁপিয়ে পড়েন এক সাহসী ফল বিক্রেতা
আহমেদ আল আহমেদ নামের ফল বিক্রেতার জন্য গঠিত তহবিলে প্রায় সাড়ে ৮ লাখ ডলার অনুদান জমা হয়েছে।
অস্ত্রধারীর কাছে থেকে বন্দুক ছিনিয়ে নেন আহমেদ (সাদা টিশার্ট)। ছবি: এবিসি নিউজের সৌজন্যে
এবিসি নিউজ ও এনডিটিভি
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫ | ১৪:২০ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ | ১৪:৪৮
অস্ট্রেলিয়ার সিডনিতে বন্ডাই সৈকতে বন্দুকধারীরা যখন এলোপাতাড়ি গুলি ছুড়ছিলেন তখন খালি হাতেই এগিয়ে যান এক ব্যক্তি। পেছন থেকে বন্দুকধারীকে জাপটে ধরে অস্ত্র কেড়ে নেন। মুহূর্তটির ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই আহমেদ আল আহমেদ নামের ব্যক্তিকে ‘নায়ক’ বলে অ্যাখ্যা দিচ্ছেন স্থানীয়রা।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিরস্ত্র আহমেদ গুলিবর্ষণের মধ্যেই এক বন্দুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়েন। বন্দুকধারী তখন একটি গাছে নিচে দাঁড়িয়ে গুলি করছিলেন। পেছন দিক থেকে গিয়ে প্রথমে একটি গাড়ির আড়ালে লুকিয়ে থাকেন আহমেদ। এক পর্যায়ে এগিয়ে গিয়ে বন্দুকধারীকে জাপটে ধরেন। ধস্তাধস্তির সময় হাত থেকে বন্দুক কেড়ে নেন। ধারণা করা হচ্ছে, আহমেদের এই সাহসী পদক্ষেপের কারণে বহু মানুষের প্রাণ রক্ষা পেয়েছে।
_1765786416.png)
ঘটনার সময় ৪৩ বছর বয়সী আহমেদও গুলিবিদ্ধ হন। তিনি পেশায় ফল বিক্রেতা। অস্ট্রেলিয়ার সেভেন নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মোস্তফা নামের এক ব্যক্তি জানান, তিনি আহমেদের চাচাতো ভাই। আহত আহমেদ হাসপাতালে ভর্তি। তাঁর অস্ত্র চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না। ঘটনার সময় সৈকতের ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বন্দুকধারীকে দেখে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
আহমেদের বাবা মোহাম্মদ ফাতেহ আল আহমেদ ও মা মালাকেহ হাসান আল আহমেদ জানান, তারা মাত্র কয়েক মাস আগে সিরিয়া থেকে সিডনিতে এসেছেন। আহমেদ অস্ট্রেলিয়ায় আসেন ২০০৬ সালে।
ভিডিওটি নজরে এসেছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের। তিনি আহমেদ ‘নায়ক’ বলে অভিহিত করেছেন। অস্ট্রেলিয়ার এবিসি নিউজ জানিয়েছে, আহমেদের জন্য একটি তহবিল গঠন করা হয়েছে। যেখানে আমেরিকান এক বিলিয়নিয়ার একাই ৯৯ হাজার ৯৯৯ ডলার অনুদান দিয়েছেন। তহবিল গঠনের পর ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে প্রায় ৮ লাখ ৪৫ হাজার ডলারের অনুদান জমা হয়েছে।
_1765786758.png)
অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রোববার বন্ডাই সৈকতে হঠাৎ এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করেন দুই ব্যক্তি। তারা সম্পর্কে বাবা-ছেলে। এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। বন্দুকধারী দুজনের পরিচয়ও জানা গেছে। তারা হলেন, সাজিদ আকরাম ও নাভিদ আকরাম। ঘটনার সময় একজন নিহত হন। অপরজন চিকিৎসাধীন।
রোববার গুলিবর্ষণের সময় বন্ডাই সৈকতে ইহুদিদের হানুকা উৎসবের প্রস্তুতি চলছিল। এ উপলক্ষে হাজার খানিক লোক জড়ো হয়েছিলেন। প্রধানমন্ত্রী আলবানিজ গুলিবর্ষণের ঘটনাকে ‘ইহুদিবিদ্বেষ’ বলে অ্যাখ্যা দিয়েছেন। অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, তারা হামলাকারীদের উদ্দেশ্য জানার চেষ্টা করছেন।
- বিষয় :
- বন্দুকধারীর হামলা
- সৈকত
- অস্ট্রেলিয়া
