উইমেন বিজনেস সেন্টারের প্রশিক্ষণ ও সহায়তায় পোল্ট্রি ফার্মিংয়ে লাভলীর বিপ্লব
ছবি- সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫ | ১৩:২৮
জামালপুরের পাথরের চর এলাকার লাভলী বেগম একসময় তার ক্ষুদ্র পরিসরে গড়ে তোলা হাঁস-মুরগির খামার টিকিয়ে রাখতে রীতিমত হিমশিম খেতেন। ক্রমাগত হাঁস-মুরগির রোগব্যাধির কারণে সৃষ্ট ব্যবসায়িক ক্ষতি ও প্রযুক্তিগত জ্ঞানের অভাব তাকে প্রায় হার মানতে বাধ্য করেছিল। তবু পরিবারের ভাগ্য পরিবর্তনের দৃঢ় প্রত্যয় তাঁকে থামতে দেয়নি।
তার জীবনের মোড় ঘুরে যায় যখন তিনি দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত ‘উইমেন বিজনেস সেন্টার’-এর সাসটেইনেবিলিটি টুয়ার্ডস হেলথ অ্যান্ড ইকোনমিক রিকভারি (এসএইচইআর) প্রকল্পে যুক্ত হন। এই প্রকল্পের আওতায় তিনি ইউনাইটেড পারপাস (ইউপি) থেকে তিনি পোল্ট্রি ফার্মিংয়ের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রকল্প থেকে তাকে একটি ইনকিউবেটরও দেওয়া হয় যা তার ব্যবসায় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে।
নতুন দক্ষতা কাজে লাগিয়ে লাভলী সঠিকভাবে হাঁস-মুরগি লালন-পালন, তাদের রোগ প্রতিরোধ ও ব্যবসা পরিচালনায় দক্ষতা বৃদ্ধি করেন। প্রকল্প থেকে প্রাপ্ত ইনকিউবেটরটি ব্যবহার করে তিনি ১৮৪টি ডিমের মধ্যে থেকে ১৭৩টি বাচ্চা ফোটাতে সক্ষম হন যা ছিল তার ব্যবসায়িক জীবনে অন্যতম বড় সাফল্য। এই অর্জন তার ব্যবসাকে যেমন শক্তিশালী করে তোলে, তেমনি এর প্রভাব পরে তার মাসিক আয়েও। এখন তিনি নিয়মিত ডিম বিক্রি করেন এবং নিজ পরিবারের জন্য মুরগি পালন করেন। এতে তিনি তার পরিবারের প্রোটিনের চাহিদা ও গৃহস্থালি প্রয়োজন যেমন মেটাতে পারছেন তেমনি ভবিষ্যতের পরিকল্পনায়ও বিনিয়োগ করতে সক্ষম হচ্ছেন।
নিজের সাফল্যের গল্প বলতে গিয়ে লাভলী বলেন, “আজ আমি সফল একজন উদ্যোক্তা ও কমিউনিটি লিডার। সবাই আমার মতামতকে সম্মান করে, কারণ আমি আগের চেয়ে অনেক ভালো অবস্থানে আছি। ‘উইমেন বিজনেস সেন্টারের’ কারণেই এটা সম্ভব হয়েছে।”
লাভলীর এই ‘বদলে যাওয়ার গল্প’ এখন প্রশংসা কুড়াচ্ছে তার লোকালয়েও। স্থানীয়ভাবে একজন উদ্যোক্তা হিসেবে বেশ পরিচিত হয়ে উঠেছেন তিনি। এখন স্বপ্ন দেখেন বৃহৎ পরিসরে ডিম উৎপাদনকারী একটি খামার গড়ে তোলার যা আরও অনেক নারীকে নিজ পরিবারকে পুষ্টি ও আয়ে স্বনির্ভর করে তুলতে অনুপ্রাণিত করবে।
প্রতিনিয়ত লাভলীর মতো হাজারো নারীর জীবন বদলের গল্পে প্রশিক্ষণ ও সহায়তা দিয়ে পাশে দাঁড়াচ্ছে উইমেন বিজনেস সেন্টার। তাদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন ও উদ্যোক্তা হওয়ার পথে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এসডিজি ৫ এর লিঙ্গসমতার লক্ষ্যেও উল্লেখযোগ্য অবদান রাখছে দ্য কোকা-কোলা ফাউন্ডেশন ও ইউনাইটেড পারপাজের এই উদ্যোগ। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- পোলট্রি খামার
