ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাড়াতে আসছে সৌদি প্রতিনিধি দল

বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাড়াতে আসছে সৌদি প্রতিনিধি দল
×

সামিটের বিস্তারিত জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫ | ১৩:৪২

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ব্যবসা-বাণিজ্য প্রসারের লক্ষ্যে আজ সোমবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট। রাজধানীর শেরাটন বনানীতে এই সামিটের আয়োজন করছে সদ্য গঠিত সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই)। 

গতকাল রোববার গুলশানের সিটি ব্যাংক সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসএবিসিসিআইর সভাপতি আশরাফুল হক চৌধুরী। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘ব্যবসায়ী মহল অনেক আগে থেকেই বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে একটি কার্যকর প্ল্যাটফর্ম গঠনের প্রয়োজনীয়তা অনুভব করছিল। দুর্ভাগ্যজনকভাবে তা বাস্তবায়ন হয়নি। এবার আমরা সেই মাইলফলক অর্জন করতে যাচ্ছি।’ তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে গত মাসে এসএবিসিসিআই গঠিত হয়। এই সামিটের মাধ্যমে এসএবিসিসিআইর আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ সামিটে যোগ দিতে সৌদির মাজদ আল উমরান গ্রুপের মালিক শেখ ওমর আব্দুল হাফিজ আমির বকশের নেতৃত্বে সৌদি আরবের ব্যবসায়ী ও নীতি-নির্ধারণী পর্যায়ের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে। প্রতিনিধি দলে থাকছেন ব্যবসায়ী, শিক্ষাবিদ, স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞসহ বিভিন্ন পেশার ব্যক্তি।

আগামীকাল মঙ্গলবার সকালে বিজনেস সামিটের মূল আয়োজন হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বিজনেস সেশনে সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ওই দিন রাতে এসএবিসিসিআইর উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সামিটে বাংলাদেশের ২২টি স্টল থাকবে। আগামী বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অতিথিদের সম্মানে ভোজ আয়োজনের পর সোনারগাঁও হোটেলে তিন দিনের সম্ভাবনা ও প্রাপ্তি নিয়ে সংবাদ সম্মেলেন হবে।

আশরাফুল হক চৌধুরী বলেন, রপ্তানিতে ইউরোপ-আমেরিকার ওপর নির্ভরশীলতা কমাতে নতুন বাজার খুঁজতে হবে। সৌদি আরবকে বিকল্প বাজার হিসেবে গড়ে তুললে এর সুফল ব্যবসায়ীরা পাবেন।

এসএবিসিসিআইর সহসভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন, সৌদি আরবে অনেক বাংলাদেশি সুনামের সঙ্গে ব্যবসা করছেন। বাংলাদেশ সম্পর্কে সৌদি আরবের ব্যবসায়ীদের ধারণা খুবই কম। সামিটে যোগ দিতে যে ২০ জন বাংলাদেশে আসছেন, তাদের বেশির ভাগই প্রথমবারের মতো আসছেন। 

এসএবিসিসিআইর পরিচালক ও প্রাণ এগ্রো লিমিটেডের পরিচালক উজমা চৌধুরী বলেন, সৌদি আরবে দক্ষ নার্স, আইটি প্রকৌশলীসহ নানান পেশাজীবীর চাহিদা আছে। তাই শুধু পণ্য নয়, দক্ষ জনশক্তিও রপ্তানি বাড়ানোর চেষ্টা করা হবে। 

আরও পড়ুন

×