অর্থছাড় ও পরিশােধ প্রায় সমান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫ | ০৭:১৯
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে যে পরিমাণ বৈদেশিক ঋণ ছাড় হয়েছে, সুদাসল বাবদ পরিশোধ হয়েছে তার প্রায় সমান অর্থ।
গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ে ১৫৫ কোটি ৩২ লাখ ডলারের বিদেশি ঋণ ছাড় হয়েছে। একই সময়ের বিদেশি ঋণের সুদ ও আসল বাবদ পরিশোধ করা হয়েছে ১৫৮ কোটি ৫০ লাখ ডলার।
বিদেশি ঋণ পরিস্থিতি নিয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম চার মাসে ঋণ ও অনুদান মিলেয়ে ১৬৬ কোটি ৪৯ লাখ ডলার ছাড় করেছে উন্নয়ন সহযোগীরা। গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের যা ছিল ১২০ কোটি ৮৯ লাখ ডলার। অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম চার মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় উন্নয়ন সহযোগীদের অর্থছাড় বেড়েছে প্রায় ৩৮ শতাংশ।
তবে অর্থছাড় বাড়লেও চলতি অর্থবছরের প্রথম চার মাসে বিদেশি ঋণের সুদ ও আসল পরিশোধও বেড়েছে। মোট পরিশোধ করা হয় ১৫৮ কোটি ৫০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ১৪৩ কোটি ৭৯ লাখ ডলার। এই হিসাবে চলতি অর্থবছরের প্রথম চার মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বিদেশি ঋণের সুদ ও আসল পরিশোধ বেড়েছে ১০ শতাংশের বেশি। চলতি অর্থবছরের প্রথম চার মাসে মূল ঋণ বাবদ ১০২ কোটি ৪২ লাখ ডলার এবং সুদ বাবদ ৫৬ কোটি ডলারের বেশি পরিশোধ করেছে সরকার।
এদিকে গত অক্টোবর পর্যন্ত চলতি অর্থবছরের প্রথম চার মাসে ভারত, চীন, রাশিয়া ও জাপান চার মাসে নতুন কোনো প্রতিশ্রুতি দেয়নি। এ ছাড়া এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকও (এআইআইবি) ঋণের কোনো প্রতিশ্রুতি দেয়নি। তবে তারা তাদের আগের প্রতিশ্রুত অর্থছাড় অব্যাহত রেখেছে।
চলতি অর্থবছরের চার মাসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে সব মিলিয়ে প্রায় ১২১ কোটি ডলারের ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি এসেছে। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৫৮ কোটি ডলার, বিশ্বব্যাংক এক কোটি ২৪ লাখ ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। অন্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকে মিলেছে সাড়ে ৬১ কোটি ডলারের প্রতিশ্রুতি।
- বিষয় :
- বৈদেশিক ঋণ
