বিবিএসের তথ্য প্রকাশে লাগবে না মন্ত্রীর অনুমোদন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬ | ১০:০১
সরকারি যে কোনো পরিসংখ্যানের প্রতিবেদন প্রকাশের জন্য পরিকল্পনামন্ত্রীর অনুমোদন লাগবে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালকই তা প্রকাশ করতে পারবেন। সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের জারি করা পরিসংখ্যান প্রণয়ন, প্রকাশ ও সংরক্ষণ নীতিমালায় এ কথা বলা হয়েছে।
এতে পরিসংখ্যান নিয়ে রাজনৈতিক হস্তক্ষেপ ও কারসাজি বন্ধ হওয়ার পাশাপাশি তথ্যউপাত্ত প্রকাশের সময় কমে আসবে বলে আশা করা হচ্ছে। এত দিন বিবিএসের যে কোনো জরিপ ও শুমারির প্রতিবেদন প্রকাশের আগে পরিকল্পনামন্ত্রী বা উপদেষ্টার কাছ থেকে অনুমোদন নেওয়া হতো। নতুন নীতিমালায় সে রীতি আর থাকছে না। এখন থেকে মূল্যস্ফীতি, জিডিপির প্রবৃদ্ধি, অর্থনৈতিক শুমারি, শ্রমশক্তি জরিপের পরিসংখ্যান বিবিএসের মহাপরিচালকই প্রকাশ করতে পারবেন।
নতুন এই নীতিমালা অনুসরণে একটি বিধিমালা তৈরির কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে। অন্তর্বর্তী সরকারের সময়ই উপদেষ্টা পরিষদের সভায় বিধিমালাটি অনুমোদন হতে পারে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, অতীতে ক্ষমতাসীন দলের মন্ত্রীদের বিরুদ্ধে পরিসংখ্যানের কারসাজির অভিযোগ ছিল। জিডিপি প্রবৃদ্ধির তথ্য বাড়িয়ে দেখানো ও মূল্যস্ফীতির তথ্য কমিয়ে দেখানোর অভিযোগও ছিল।
নীতিমালায় বলা হয়েছে, বিবিএস সঠিক, নির্ভুল ও সময়োপযোগী পরিসংখ্যান তৈরি, প্রকাশ এবং সংরক্ষণের ক্ষেত্রে বিশেষজ্ঞদের সমন্বয়ে শাখাভিত্তিক কারিগরি পরামর্শ কমিটি গঠন করবে। এই কমিটির প্রধান থাকবেন বিবিএসের মহাপরিচালক।
- বিষয় :
- বিবিএস
