জানুয়ারির পিএমআই
অর্থনীতিতে ধীরগতির সম্প্রসারণ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:১১
গত জানুয়ারি মাসে অর্থনীতিতে সম্প্রসারণের ধারা অব্যাহত ছিল। তবে সম্প্রসারণের গতি ছিল ধীর। মাসটিতে দেশের সামগ্রিক পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) গত বছরের শেষ মাস ডিসেম্বরের তুলনায় শূন্য দশমিক ৩ পয়েন্ট কমে হয়েছে ৫৩.৯, যা সম্প্রসারণের গতি কিছুটা শ্লথ হওয়ার ইঙ্গিত দেয়। কৃষি, উৎপাদন ও পরিষেবা খাতে সম্প্রসারণ অব্যাহত রয়েছে। অন্যদিকে আগের মাসে সংকোচনের পর জানুয়ারিতে নির্মাণ খাত আবার সম্প্রসারণে ফিরে এসেছে।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকা এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের (পিইবি) বাংলাদেশ প্রকাশিত পিএমআই সম্পর্কিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। জানুয়ারি মাসে পিএমআই প্রতিবেদনটি গতকাল রোববার প্রকাশ করা হয়।
উল্লেখ্য, পিএমআই ১০০ নম্বরের মধ্যে পরিমাপ করা হয়। স্কোর ৫০-এর বেশি হলে অর্থনীতির সম্প্রসারণ হয়েছে বলে ধরে নেওয়া হয়। ৫০-এর নিচে হলে সংকোচন বোঝায়। আর স্কোর ৫০ থাকার অর্থ ওই মাসে কোনো পরিবর্তন হয়নি।
জানুয়ারি মাসের পিএমআই সম্পর্কিত প্রতিবেদনে বলা হয়, ভবিষ্যৎ ব্যবসা সূচকের ক্ষেত্রে কৃষি, উৎপাদন, নির্মাণ ও পরিষেবা– অর্থনীতির সব প্রধান খাতেই দ্রুততর সম্প্রসারণের ইঙ্গিত পাওয়া গেছে, যা ব্যবসায়ীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা প্রতিফলিত করে। জরিপে উত্তরদাতারা বলেছেন, সার্বিকভাবে ব্যবসায়িক পরিস্থিতি দুর্বল ও অনিশ্চিত। কাঁচামাল, শ্রম, পরিবহন ও উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে খরচ বেড়েছে। অথচ বিক্রি প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না। নির্বাচন ও রাজনৈতিক অনিশ্চয়তা ব্যবসায় বড় উদ্বেগ হিসেবে কাজ করেছে। যদিও অনেক ব্যবসায়ী মার্চ মাসের পর বা নির্বাচনের পর পরিস্থিতির উন্নতির আশা করেছেন।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ড. এম মাসরুর রিয়াজ বলেন, সার্বিকভাবে সর্বশেষ পিএমআই সূচকগুলো ইঙ্গিত দেয়, অর্থনীতিতে সম্প্রসারণের গতি শ্লথ হয়েছে। বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার দুর্বল পুনরুদ্ধার ও সতর্ক ক্রয়াদেশ নেতিবাচক প্রভাব ফেলেছে উৎপাদন খাতের রপ্তানির ওপর।
- বিষয় :
- জানুয়ারি
